চলতি বছরের মে মাসে আরও একটি চুরির মামলায় সেলিমকে গ্রেফতার করা হয়। সেইসময় তাঁর ফোন ঘাঁটলে দেখা যায়, ফটো গ্যালারিতে পুলিশের পোশাক পরা তাঁর একাধিক ছবি রয়েছে।

ছবি- এআই
শেষ আপডেট: 9 August 2025 21:20
দ্য ওয়াল ব্যুরো: চুরির মামলায় অভিযুক্ত জেলে থাকাকালীন পুলিশের পোশাক পড়েই স্ত্রীকে ভিডিও কল করেছিলেন! এক বছর পর প্রকাশ্যে এসেছে এই চাঞ্চল্যকর ঘটনা। বেঙ্গালুরু পুলিশের হাতে ছবি-ভিডিও আসতেই সাসপেন্ড করা হল অভিযুক্ত কনস্টেবলকে। ঠিক কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ২০২৪ সালের। ৫০টিরও বেশি চুরির মামলার আসামি সেলিম শেখ ওরফে 'বম্বে সেলিম' গ্রেফতার হওয়ার পর চুরি যাওয়া গয়না, শাড়ি এবং অন্যান্য মালপত্র উদ্ধারের জন্য পুলিশ তাঁকে বেঙ্গালুরুর বাইরে নিয়ে গিয়ে একটি হোটেলে রাখে। ধৃতকে নজরে রাখতে দায়িত্বে ছিলেন গোবিন্দপুর থানার কনস্টেবল এইচ আর সোনার-সহ দুজন।
একসময় দুজনেই সেলিমকে হোটেলের ঘরে তালাবন্দি করে বাজার করতে বেরিয়ে যান। এই সুযোগে সেলিম কনস্টেবল সোনারের পুলিশের উর্দি পরে স্ত্রীকে ভিডিও কল করেন। পরে পুলিশের হাতে সেই ভিডিও ও ছবিগুলো আসে।
তবে তখন ঘটনাটি ধামাচাপা পড়ে যায়। চলতি বছরের মে মাসে আরও একটি চুরির মামলায় সেলিমকে গ্রেফতার করা হয়। সেইসময় তাঁর ফোন ঘাঁটলে দেখা যায়, ফটো গ্যালারিতে পুলিশের পোশাক পরা তাঁর একাধিক ছবি রয়েছে। তদন্তে জানা যায়, সেগুলোই ২০২৪ সালের সেই হোটেল থেকে করা ভিডিও কলের সময়ের ছবি। ছবিতে স্পষ্ট দেখা যায় উর্দিতে কনস্টেবল সোনারের নামের ব্যাজ রয়েছে।
পুলিশের তরফে এনিয়ে জানানো হয়, 'ঘটনাটি নিছক অবহেলা। অভিযুক্ত কনস্টেবকে সাসপেন্ড করা হয়েছে।' ইন্দিরানগর থানার ইন্সপেক্টর সুদর্শনের রিপোর্টের ভিত্তিতে পুলিশ কমিশনার এই পদক্ষেপ নেন। তদন্ত এখনও চলছে। সেলিমের সঙ্গে অন্য কোনও কর্মকর্তার যোগাযোগ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।