
শেষ আপডেট: 12 October 2023 20:12
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে অজয় নদীতে স্নান করতে নেমেছিল এক যুবক। এর পরে তাঁর আর খোঁজ মেলেনি। প্রায় ৪ দিন ধরে তল্লাশি চালিয়েও যুবকের কোনও খোঁজ পেল না পুলিশ। বৃহস্পতিবার থেকে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি শুরু হয়েছে এলাকায়।
গত ৮ অক্টোবর দুর্গাপুর থেকে এক যুবতীকে নিয়ে তিন যুবক চিত্তরঞ্জন থানা এলাকার ফতেপুরে অজয় নদীর তীরে হনুমান মন্দির ঘাটে ঘুরতে এসেছিল। সেখানে বন্ধুদের সঙ্গে স্নানে নামেন ২০ বছরের অয়ন মণ্ডল। এরপরই সে নিখোঁজ হয়ে যায়। অজয়ের বন্ধু আকাশ দাস, অগ্নিভ ধর বন্ধু নিখোঁজ হয়ে গিয়েছে বলে চিত্তরঞ্জন থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে এলাকায় তল্লাশি শুরু করে। নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায়। কিন্তু যুবকের খোঁজ মেলেনি।
এরপরেই অয়নের পরিবার আকাশ ও অগ্নিভের বিরুদ্ধে খুনের অভিযোগ আনলে পুলিশ তাদের গ্রেফতার করে। এদিকে ওই যুবতীকে আটক করে রাখে পুলিশ। পরে যুবতীর বাবা বন্ড সই করে মেয়েকে নিয়ে যান।
পুলিশ জানিয়েছেন, ওই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় তাঁর বয়ানে কিছু অসঙ্গতি পেয়েছেন তাঁরা। নিখোঁজ যুবকের পরিবারের কাছ থেকে তাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করায় তাদের গ্রেফতার করা হয়েছে।
অয়নের বাবা প্রশান্ত মণ্ডলের অভিযোগ, তাঁর ছেলেকে ফুঁসলিয়ে ওই যুবতী ও তার দুই বন্ধু চিত্তরঞ্জনে এসেছিল। তাকে মেরে ফেলে দেহ লোপাট করেছে। এখন ছেলে নদীতে তলিয়ে গেছে বলে গল্প ফাঁদছে।