
শেষ আপডেট: 27 March 2020 13:37
দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার স্বাস্থ্যকর্মী, কৃষক এবং গরিব ও প্রান্তিক মানুষজনের জন্য ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে মোদী সরকার। কোভিড ১৯ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের প্রশংসা করলেন তেলুগু দেশম প্রধান চন্দ্রবাবু নায়ডু। এনডিএ-র প্রাক্তন শরিক চন্দ্রবাবু শুক্রবার বলেন, মোদী সরকার মানবতার প্রতিমূর্তি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে তেলুগু দেশম প্রধান বলেছেন, "ভারতের জনসংখ্যা বিপুল। এখানে মানুষের জীবনযাত্রায় ব্যাপক বৈচিত্র আছে। এই দেশ কোভিড ১৯ মহামারীর মুখে দাঁড়িয়েছিল। আমার বিশ্বাস, আপনার যোগ্য নেতৃত্বে এই দেশ বিপদ কাটিয়ে উঠবে। ভারত অন্যান্য দেশের সামনে উদাহরণ সৃষ্টি করবে।"
সরকারের প্যাকেজের কথা উল্লেখ করে চন্দ্রবাবু লিখেছেন, "সমাজের বিভিন্ন অংশের মানুষকে সাহায্য করার জন্য আপনি যে প্যাকেজ ঘোষণা করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য আপনি বিমার কথা ঘোষণা করেছেন। এই সময়ে তাঁরা মানুষের যে সেবা করছেন, তার প্রতিদান হিসাবে এই বিমা করে দেওয়া দরকার ছিল।"
গরিবদের খাদ্য বণ্টন, মনরেগা প্রকল্পে মজুরি বৃদ্ধি, সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ইপিএফও-র মাধ্যমে বিশেষ সুবিধাদানেরও প্রশংসা করেছেন নায়ডু। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্যও যেন কিছু প্যাকেজ ঘোষণা করা হয়।
জরুরিকালীন অবস্থায় গরিব মানুষদের যাতে বিপদে পড়তে না হয়, সে জন্য একগুচ্ছ জনমোহিনী প্রকল্প ঘোষণা করেছে মোদী সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বৃহস্পতিবার ঘোষণা করেছেন, মোট আটটি ক্ষেত্রে ক্যাশ ট্রান্সফার করা হবে। সেই আটটি ক্ষেত্র হল: কৃষক সম্প্রদায়, ১০০ দিনের কাজ প্রকল্পের কর্মীরা, বিধবা ভাতা, যে সব মহিলাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, সংগঠিত ক্ষেত্রের কর্মী, নির্মাণ কর্মী ও কিষাণ সম্মান যোজনার অন্তর্গত কৃষকরা।
এই আটটি ক্ষেত্রে যত জন মানুষ নথিভুক্ত রয়েছেন, তাঁদের সকলের অ্যাকাউন্টে এপ্রিলের প্রথম সপ্তাহেই ২ হাজার টাকা করে ট্রান্সফার করা হবে বলে জানানো হয়েছে। এতে দেশের ৮ কোটি ৭০ লক্ষ কৃষক উপকৃত হবেন বলেও ঘোষণা করেন মন্ত্রী।
শুধু তাই নয়। ১০০ দিনের কাজ প্রকল্পেও ন্যূনতম মজুরি ১৮২ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হবে। তার ফলে অতিরিক্ত ২০০০ টাকা আয় প্রতি মাসে বাড়বে শ্রমিকদের। ক্যাশ টাকা হাতে বাড়ার ফলে জীবনধারণ সুবিধাজনক হবে তাঁদের।
এছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এবং প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্ত যে এককালীন হাজার টাকা করে প্রাপ্য, তাঁদের অ্যাকাউন্টে সরাসরি দিয়ে দেওয়া হবে এই টাকা। মোট দু’দফায়, আগামী তিন মাসের মধ্যেই টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। মোট তিন কোটি মানুষ এর ফলে উপকৃত হবেন।
মহিলা জনধন যোজনার আওতায় থাকা মহিলাদের অ্যাকাউন্টেও মাসে ৫০০ টাকা করে আগামী তিন মাস দেওয়া হবে। ২০ কোটি মহিলাকে ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফারের মাধ্যমে এই টাকা পাঠানো হবে।