
শেষ আপডেট: 16 May 2023 16:41
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্র এখনও তাঁদের দাবি মানেনি। ফলত যন্তরমন্তরের (Jantar Mantar) সামনে কুস্তিগিরদের আন্দোলনও লাগাতার চলছে। ইতিমধ্যে তাঁদের সমর্থন জানিয়েছে বলিউড থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের, বিভিন্ন রাজ্যের তাবড় ব্যক্তিরা। এমনকী সাধারণ মানুষও ভিনেশ ফোগট, সাক্ষী মালিকদের পাশে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতেই যন্তরমন্তর ছেড়ে আন্দোলনস্থল পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন কুস্তিগিররা (Wrestlers protest venue)।
ইতিমধ্যে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সেইসময়েই তাঁদের লক্ষ্য এই আন্দোলনকে আরও বড় পর্যায়ে নিয়ে যাওয়া। তাই যন্তরমন্তর ছেড়ে দিল্লিরই রামলীলা ময়দানে (Ram Lila ground) আন্দোলনস্থল নিয়ে যাওয়ার ডাক দিয়েছেন বজরং পুনিয়ারা। কুস্তিগিরদের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা অভিযুক্ত গ্রেফতার না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবেন।
সম্প্রতি এই বিক্ষোভে যোগ দিয়েছেন ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজাদ। তিনিই প্রথম কুস্তিগিরদের প্রস্তাব দেন আন্দোলনকে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য। এরপরই ভাবনাচিন্তা শুরু করেন কুস্তিগিররা। এ বিষয়ে সাক্ষী মালিক বলেন, 'যন্তরমন্তর থেকে রামলীলা ময়দানে বিক্ষোভ সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। তারপর সিদ্ধান্ত নেব।' এমনিতে যন্তরমন্তরের সামনে জায়গাটুকু খুবই ছোট। বদলে দিল্লির রামলীলা ময়দানে এই আন্দোলন তুলে নিয়ে গেলে অনেকটা জায়গা পাওয়া যাবে। আপাতত সেটাই ভাবনায় বিক্ষুব্ধদের রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার আন্দোলনরত কুস্তিগিররা যন্তরমন্তর থেকে কনৌট প্লেসের হনুমান মন্দির পর্যন্ত পদযাত্রা করেন। এর পাশাপাশি তাঁরা অন্যান্য দেশের অলিম্পিক্সে পদকজয়ীদেরও আহ্বান জানিয়েছেন এই আন্দোলনকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার জন্য। তবে এরমধ্যেই ধর্নাস্থল বদলে রামলীলা ময়দানে নিয়ে যাওয়া হবে কিনা, তা এখনও জানা যায়নি। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদেরকে যন্তরমন্তরের এক কোণায় ফেলে রাখা হয়েছে। এবং সর্বদা পুলিশ নজর রাখছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা আরও বাড়াল নবান্ন, কী পেতেন, কী পাবেন