
শেষ আপডেট: 5 March 2024 22:14
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিট। আচমকা নিজে থেকেই লগ আউট হয়ে যাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। সমস্যা দেখা দিয়েছে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও । বিশ্বব্যাপী গ্রাহকদের মধ্য়ে শোরগোল পড়ে গিয়েছে।
কী কারণে এই সমস্যা, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। এ ব্যাপারে ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা মেটার তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। সার্ভার ক্রাশ করেই এই সমস্যা বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা। ভারত ছাড়াও আমেরিকা, ইউরোপেও এই সমস্যা দেখা দিয়েছে।
গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এদিন সন্ধে সাড়ে ছ' টার পর থেকেই ফেসবুক এবং ইনস্টাগ্রামে কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল। যেমন কেউ কোনও কিছু পোস্ট করার পর এডিট করতে গেলে 'এরোর' দেখানো হচ্ছিল। তবে এভাবে যে নিজে থেকে অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে, তা কেউ কল্পনা করেননি। এমনকী লগ ইন করতে গেলে পাসওয়ার্ড 'এরোর' দেখায়। তাতেই উদ্বেগ বাড়ে গ্রাহকদের মধ্যে।
পরে জানা যায়, এক আধজন নয়, প্রত্যেকের অ্যাকাউন্টের ক্ষেত্রেই একই সমস্যা হচ্ছে।
মনে করা হচ্ছে, টেকনিক্যাল কোনও ত্রুটির কারণেই এই বিভ্রাট। তবে এ ব্যাপারে সংস্থার তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। পুরো বিষয়টিকে ঘিরে দুনিয়া জুড়ে তোলপাড় তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে।
সোশ্যাল নেটওয়ার্কের অন্যতম মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম। সেখানে আচমকা এরকম বিভ্রাট নেমে আসায় উদ্বেগ তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে। কারণ, ঠিক কী সমস্যা, কতক্ষণেই বা ঠিক হবে, কোনও কিছুই এখনও স্পষ্ট নয়।