
শেষ আপডেট: 21 July 2022 12:56
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের বৃদ্ধতম পুরুষ জায়ান্ট পান্ডার (Male Giant Panda) মৃত্যু। ৩৫ বছর বয়সে সকলকে ছেড়ে চলে গেল অ্যান অ্যান (An An)। হংকংয়ের (Hong Kong) ওসেন পার্কে থাকত এই পান্ডাটি। বলতে গেলে অ্যান অ্যানের জন্যেই হংকংয়ের ওসেন পার্ক বিখ্যাত। প্রচুর মানুষ এই পার্কে ভিড় করতেন তাকে দেখার জন্য।
অ্যান অ্যানের মৃত্যুতে মন খারাপ দর্শকদের। ৩৫ বছর বয়সে মারা গেছে এই পান্ডা। মানুষের জীবনের সঙ্গে তুলনা করলে তার এই জীবদ্দশা ১০৫ বছরের সমতুল্য।
অনেকদিন আগে চিন থেকে দুটি পান্ডা হংকং সরকারকে উপহার দেওয়া হয়। অ্যান অ্যান ছিল তাদের মধ্যে একজন। তার সঙ্গীর নাম ছিল জিয়া জিয়া। ২০১৬ সালে সে মারা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে পড়েছিল অ্যান অ্যান। এক কণা খাবারও দাঁতে কাটছিল না। রোগ যে ভিতর ভিতর তাকে যথেষ্ট কাবু করেছে তা বোঝাই যাচ্ছিল। এদিন সকালে মারা যায় সে।
বিশ্বের বৃদ্ধতম জায়ান্ট পান্ডা হিসেবে অ্যান অ্যানের বেশ জনপ্রিয়তা ছিল। দর্শকদের দেখে দারুণ খুশি হত সে। মনোরঞ্জন করেই আনন্দ পেত। তাই তাকে হারিয়ে মনমরা হয়ে আছে হংকংয়ের ওসেন পার্ক।
আরও পড়ুন: আট-হাজারি ১৪টি শৃঙ্গ দু'বার করে আরোহণ! বিশ্বরেকর্ড গড়লেন নেপালের সানু শেরপা