
মহাযুদ্ধের বোমা উদ্ধার
শেষ আপডেট: 5 July 2024 19:19
দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: অবশেষে সাত দিনের মাথায় চুড়ান্ত প্রস্তুতি নিয়ে নষ্ট করা হল সুবর্ণরেখা নদী তীরবর্তী চাষের জমি থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমা। গোপীবল্লভপুর এক ব্লকের ভুলনপুর গ্রামে এই বোমার সন্ধান মিলতেই সাড়া পড়ে যায়।
শুক্রবার দুপুরে এলাকা ঘিরে ফেলে ঝাড়গ্ৰাম জেলা পুলিশ ও গোপীবল্লভপুর থানার পুলিশ। এরপর বম্ব স্কোয়াডের উপস্থিতিতে এয়ারফোর্সের পক্ষ থেকে বোমাটি ফাটানো হয়। তার আগে ভুলনপুরে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা বালির বস্তা দিয়ে ঘিরে ফেলা হয়। গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফারাজ, গোপীবল্লভপুর থানার আইসি কার্তিকচন্দ্র রায়- সহ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ছিলেন এয়ারফোর্সের আধিকারিকরাও।
গত শনিবার সারিয়া চার নম্বর অঞ্চলের ভুলনপুর গ্রামে চাষের জমি থেকে উদ্ধার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত এই বিশালাকার বোমাটি। চাষ করতে গিয়ে বোমাটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন চাষিরা। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরে প্রশাসনের তরফে থেকে চুড়ান্ত সুরক্ষা বলয় তৈরি করে সেই বোমা নষ্ট করা হয়।
বোমা নিষ্ক্রিয় হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে দ্বিতীয় মহাযুদ্ধের সময়ের বোমা মেলার খবর জানার পরেই তৎপর হয় প্রশাসন। প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। পৌঁছয় এয়ারফোর্সের লোকজনও। নিরাপত্তার খাতিরে সরিয়ে দেওয়া হয় স্থানীয় মানুষদের। তারপরেই বোমাটি নিষ্ক্রিয় করা হয়। নির্বিঘ্নে এই কাজ সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।
Yesterday it came to our notice that an undetonated bomb of World War II was found in an open field in village Bhulanpur, Gopiballavpur in Jhargram district.
— Mamata Banerjee (@MamataOfficial) July 5, 2024
State government machinery including police and also airforce immediately swung into action. Public from nearby area… pic.twitter.com/Cva66ydlMQ