
শেষ আপডেট: 18 December 2022 13:06
দ্য ওয়াল ব্যুরো: থানায় বসে যে যার নিজের কাজে ব্যস্ত ছিলেন পুলিশ আধিকারিকরা। সেই সময় হন্তদন্ত হয়ে থানায় ঢুকলেন এক মহিলা। বধূ নির্যাতনের জন্য শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছিলেন তিনি। কিন্তু তাঁর সঙ্গে আরও যে দু'জন' থানায় ঢুকল, তাদের দেখে চক্ষু চড়কগাছ পুলিশকর্তাদের! একটি মোষ এবং একটি ছাগলকে সঙ্গে নিয়ে সটান থানায় ঢুকে আসেন নির্যাতিতা (Woman reaches police station with buffalo and goat)।
আশ্চর্য ঘটনাটি ঘটেছে শুক্রবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঔরাইয়া জেলার সদর কোতোয়ালি থানায়। এদিন হঠাৎ করেই একটি মোষ এবং একটি ছাগল নিয়ে থানার ভিতর ঢুকে আসেন এক মহিলা, যা দেখে হতভম্ব হয়ে যান পুলিশকর্মীরা। অভিযোগকারিনীর নাম সুনীতা। তিনি পুলিশকে জানান, কাছেই মাতা মন্দিরের কাছে তাঁর শ্বশুরবাড়ি।
সুনীতা জানান, ওই মোষ এবং ছাগলটিকে বিয়েতে পণ হিসেবে দিয়েছিলেন তাঁর বাবা-মা। তাঁর স্বামী নিয়মিত মদ্যপান করে এসে বাড়িতে অশান্তি করেন। প্রতিবাদ করলেই তাঁর গায়ে হাত তোলেন তো বটেই, তার অত্যাচার থেকে বাদ যায় না নিরীহ পশুগুলিও। তাঁর দুই ননদও নাকি অবলা জন্তুদুটিকে কিছুতেই আর বাড়িতে থাকতে দিতে চান না। একপ্রস্থ অশান্তির পর শুক্রবার তাঁকে সহ মোষ এবং ছাগলটিকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন বাড়ি থেকে বের করে দিয়েছে বলে পুলিশকে জানান নির্যাতিতা।
ঘটনা জানার পর সুনীতার শ্বশুরবাড়ির লোকজনকে থানায় ডেকে পাঠানো হয়। কথাবার্তা বলে বিষয়টি মিটমাট করার চেষ্টা করা হয়। সমস্ত ব্যাপার খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সার্কেল অফিসার প্রদীপ কুমার।
ফুটপাতে থাকা শিশুদের উপর গাড়ি চালিয়ে দিলেন যুবক! সিসিটিভিতে ধরা পড়ল ভয়ঙ্কর দৃশ্য