
শেষ আপডেট: 10 January 2023 13:09
দ্য ওয়াল ব্যুরো: এয়ার ইন্ডিয়ার (Air India Flight) প্রস্রাবকাণ্ড নিয়ে নিন্দের ঝড় এখনও অব্যাহত। এরমধ্যেই ফের নতুন বিতর্কে নাম জড়াল এই অসামরিক বিমান সংস্থার। মাঝ আকাশে যাত্রীদের দেওয়া খাবারের মধ্যে দেখা গেল বড় কাঁকর (Stone)। প্রায় সয়াবিনের মতো দেখতে সেই কাঁকরটির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এয়ার ইন্ডিয়াকে রীতিমতো ধুয়ে দিয়েছেন এক মহিলা (Woman) যাত্রী।
জানা গেছে, সর্বপ্রিয়া সাংওয়ান নামের ওই মহিলা যাত্রী টুইটারে এয়ার ইন্ডিয়াকে ট্যাগ করে লেখেন, "কাঁকর ছাড়া খাবার দেওয়ার জন্য আপনাদের এর চেয়ে বেশি টাকার দরকার নেই। আমি আপনাদের প্লেনে এই খাবার পেয়েছি। বিমানের ক্রু মেম্বারকে সঙ্গে সঙ্গে বিষয়টি জানিয়েছি। এইধরনের গাফিলতি আপনাদের কাছে কাম্য নয়।"
এরপরেই এয়ার ইন্ডিয়াকে লক্ষ্য করে তীব্র কটাক্ষের ঝড় শুরু হয় টুইটারে। একজন লেখেন, 'ভাগ্যিস খাবার খেতে গিয়ে আপনি নিজের দাঁত খোয়াননি। এয়ার ইন্ডিয়ার সার্ভিস এখনও জঘন্য।' আর একজন নেটিজেন লেখেন, 'যেখানে এয়ার ইন্ডিয়ার সঙ্গে অন্যান্য বিমান সংস্থাগুলির শ্রেষ্ঠত্বের লড়াই হওয়ার কথা, সেখানে এরা নিজেদের ইন্ডিয়ান রেলওয়ের পর্যায়ে নামিয়ে আনছে।'
যদিও ওই মহিলার টুইটে সাড়া দিয়ে ক্ষমা চায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তারা লিখেছে, "আমরা বিষয়টি নিয়ে শীঘ্রই আমাদের কেটারিং টিমের সঙ্গে কথা বলব। আমাদের একটু সময় দিন। কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা অবশ্যই আপনাকে জানানো হবে। আপনার এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।"
কবে থেকে মিলবে কোভোভ্যাক্স বুস্টার, বুধবারই সিদ্ধান্ত নেবে কেন্দ্র