
প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 May 2024 22:21
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতার আনন্দপুরে এক তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। বাড়ির বিছানায় পড়ে ছিল দেহটি। এদিকে বৃহস্পতিবার থেকে মৃতার স্বামীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তদন্তে নেমেছে আনন্দপুর থানার পুলিশ।
মৃত তরুণীর নাম মনীষা বাগ। তাঁর বয়স ৩৫ থেকে ৪০ বছর। আনন্দপুর থানা এলাকার পূর্ব পঞ্চান্নগ্রামের একটি ভাড়া বাড়়িতে স্বামীর সঙ্গে থাকতেন মনীষা। প্রতিবেশীরা জানিয়েছেন, স্বামী-স্ত্রী দুজনেই রাঁধুনির কাজ করতেন। প্রায়ই তাঁদের মধ্যে অশান্তি লেগে থাকত।
শুক্রবার সন্ধেয় মনীষার রক্তাক্ত দেহ প্রথম দেখতে পান তাঁর বাড়িওয়ালা। বিছানার উপর পড়েছিল তরুণীর নিথর দেহ। তাঁর নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল। বাড়িওয়ালাই পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই ‘বেপাত্তা’ মৃতার স্বামী।
মহিলার শরীরে ক্ষতের চিহ্ন দেখে পুলিশের প্রাথমিক অনুমান, ব্লেড জাতীয় কোনও ধারালো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। ইতিমধ্যে স্বামীর খোঁজ শুরু করেছে পুলিশ। সেক্ষেত্রে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে খুনের পরই স্বামী গা ঢাকা দিয়েছেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার তরুণীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মনীষা আত্মহত্যা করেছেন নাকি তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে বলতে রাজি নন তদন্তকারীরা। পুলিশের তরফে ইতিমধ্যেই স্বত:প্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।