সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে ফের আবহাওয়া বদলের ইঙ্গিত। শুক্রবার থেকে দক্ষিণ উপকূলের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি।

ফাইল ছবি
শেষ আপডেট: 4 November 2025 11:22
দ্য ওয়াল ব্যুরো: শহর থেকে জেলায় মঙ্গলবার সকাল থেকেই হালকা শীতের অনুভূতি (Winter) মিলছে। আকাশ পরিষ্কার, বাতাসে আর্দ্রতা কম। পশ্চিমের জেলাগুলিতে পারদ নেমেছে ২০ ডিগ্রির নীচে। কলকাতাতেও (Kolkata) নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত রাজ্যজুড়ে (West Bengal) শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Office)।
সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে (South Bengal) ফের আবহাওয়া বদলের ইঙ্গিত। শুক্রবার থেকে দক্ষিণ উপকূলের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি উপকূলীয় জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।
সমুদ্রে সতর্কতা
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সরে বাংলাদেশ উপকূলের দিকে। মায়ানমার ও বাংলাদেশের উপকূলে সমুদ্র উত্তাল। বুধবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের (Fishermen)। আন্দামান সাগর থেকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা।
সিস্টেম
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর–মায়ানমার উপকূলে নিম্নচাপ, ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ (Bangladesh) সংলগ্ন অঞ্চলে পৌঁছনোর সম্ভাবনা। উত্তর-পূর্ব আরব সাগরের নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্ত। পূর্ব বাংলাদেশ ও উত্তর-পূর্ব আসামে জোড়া ঘূর্ণাবর্ত। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিমের পার্বত্য অঞ্চলে বৃষ্টি-তুষারের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গ
আজ থেকে শুষ্ক, রোদেলা আকাশ থাকবে। রাতে-ভোরে ঠান্ডার অনুভূতি বাড়বে। শুক্রবার থেকে উপকূলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বাতাসে আর্দ্রতা বাড়বে।
উত্তরবঙ্গ
মূলত পরিষ্কার আকাশ। দার্জিলিং–কালিম্পংয়ের পাহাড়ে সকাল-রাতে কুয়াশা। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
কলকাতা
শহরে আজ আংশিক মেঘলা সকাল, পরে রোদের দাপট দেখা যাবে। সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। বাতাসে আর্দ্রতা ৪২ শতাংশ থেকে ৯১ শতাংশ। সামনে কয়েক দিন পরিষ্কার আকাশ, শুক্রবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে।
তবে এখন প্রশ্ন - ঠান্ডা কি এবার পুরোদমে পড়তে চলেছে? হাওয়া অফিস অবশ্য আপাতত বড় ধরনের তাপমাত্রা পতনের পূর্বাভাস দেয়নি। তবে সকালের দিকে হালকা ঠান্ডা হাওয়ায় শীত অনুভূত হবে।