আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কনকনে শীত পড়ার আগে ফের বৃষ্টি হবে! এই সপ্তাহান্তেই তা হওয়ার কথা। ইঙ্গিত মিলেছে, রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে।

ফাইল ছবি
শেষ আপডেট: 16 October 2025 09:47
দ্য ওয়াল ব্যুরো: বর্ষা (Rainy Season) বিদায় নিয়েছে। এই মুহূর্তে রাজ্যজুড়ে হালকা শীতের (Winter) আমেজও চলে এসেছে বলা যায়। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে শীতকাল আসেনি, তবু পারদ সামান্য নামতে শুরু করেছে। তাই প্রশ্ন উঠছে — কবে জাঁকিয়ে নামবে শীত?
আলিপুর আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাস, কনকনে শীত পড়ার আগে ফের বৃষ্টি হবে! এই সপ্তাহান্তেই তা হওয়ার কথা। ইঙ্গিত মিলেছে, রাজ্যের (West Bengal) বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় অঞ্চলে বৃষ্টির প্রভাব বেশি পড়বে। দক্ষিণ-পশ্চিম দিকের আর্দ্র বায়ু যখন উত্তর দিকের ঠান্ডা হাওয়ার সঙ্গে মিশবে, তখনই এই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। এর ফলেই সপ্তাহান্তে রাজ্যের কিছু এলাকায় মেঘলা আকাশ, বৃষ্টি ও বজ্রপাত দেখা দিতে পারে।
উত্তরবঙ্গে (North Bengal) শুক্রবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া মূলত শুষ্ক। যদিও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না, তবে সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভব করা যাবে।
দক্ষিণবঙ্গেও শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলীয় জেলাগুলিতে আকাশ মাঝে মাঝে মেঘলা হতে পারে, তবে বড় কোনও আবহাওয়াগত পরিবর্তন নেই। বাতাসে আর্দ্রতা কিছুটা বেশি থাকবে, কিন্তু অস্বস্তির পর্যায়ে নয়।
গোটা রাজ্যজুড়ে সকালের দিকে কিছু এলাকায় হালকা কুয়াশা এবং রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকলেও, আপাতত বড় কোনও তাপমাত্রার হেরফের নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আগামী সোমবার কালীপুজো। ওই সময়ে বা সপ্তাহে বৃষ্টির তেম সম্ভাবনা নেই। বরং কিঞ্চিৎ ঠান্ডা অনুভূত হতে পারে কিছু জেলায়। এই পূর্বাভাসে আশ্বস্ত হচ্ছে বঙ্গবাসী। অনুমান করা হচ্ছে, কালীপুজো মিটে যেতে না যেতেই হয়তো বাংলায় পুরোদমে শীত পড়তে শুরু করবে।