
ফাইল ছবি
শেষ আপডেট: 10 April 2025 19:58
দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসের বেতন (SSC Salary) মিলবে চাকরিহারাদের? ধোঁয়াশা কাটছে না কিছুতেই। এই চিন্তার কারণ আসলে রাজ্যের আদালত অবমাননার দুশ্চিন্তা। স্কুলগুলির বেতন পোর্টাল খুলে গিয়েছে। সেখানে নামও রয়েছে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষাকর্মীদের। কিন্তু, মুখ্যমন্ত্রী যতই বরাভয় দেওয়ার চেষ্টা করুন, যদি এপ্রিলের বেতন বন্টন করে রাজ্য, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অবমাননা হতে পারে বলে একটা প্রচ্ছন্ন চিন্তা রয়েইছে প্রশাসনের।
এসএসসির ২০১৬ ( SSC 2016) সালের নিয়োগে দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে সুপ্রিমকোর্ট। তারপর এক সপ্তাহ অতিক্রান্ত। এখনও শিক্ষা দফতরের বেতন পাওয়ার নির্দিষ্ট পোর্টালে নাম রয়েছে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের।
ফলে চূড়ান্ত হতাশার মধ্যেও কিঞ্চিৎ আশার আলো দেখছেন চাকরিহারারা। সরকারি পোর্টালে চাকরিহারাদের নাম থাকায় এখনই তাঁদের বেতন বন্ধ হবে না বলে তাঁদের কেউ কেউ মনে করছেন ঠিকই, কিন্তু একটা দোনোমোনো মন থেকে মুছে ফেলতে পারছেন না।
বুধবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, বেতনের বিষয়ে রাজ্য সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চেয়েছে। এও বলেন, "এখনও পর্যন্ত কোনও স্কুলে কোনও শিক্ষককে বাদ দেওয়া হয়নি। কোথাও বেতন বন্ধের কথা বলাও হয়নি।" অর্থাৎ, সুপ্রিমকোর্টের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত রাজ্য যে চাকরিহারাদের বেতন এখনই বন্ধ করছে না তা স্পষ্ট। কিন্তু, গোটা প্যানেল বাতিলের নির্দেশের পরও কি বেতন দেওয়া ঠিক হবে? সেই প্রশ্নও উড়িয়ে দিতে পারছে না প্রশাসন।
বেতন পোর্টাল আগামী ১৭ এপ্রিল পর্যন্ত খোলা থাকার কথা। শিক্ষা দফতরের অন্দরের খবর, তার আগেই আইনি পরামর্শ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছোতে চায় তারা। বেতনের পাশাপাশি বর্ধিত চার শতাংশ ডিএ-ও দেওয়া হবে কি না, তাও অন্ধকারে।
পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন, চিন্তা করার কোনও কারণ নেই এক্ষেত্রে। যেহেতু সরকার শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছে, সেক্ষেত্রে অন্তত ৩০ দিন সময় রয়েছে রাজ্যের হাতে। সেই সময়েরই সদ্ব্যবহার করতে পারে সরকার।