সম্প্রতি রাজ্যের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে উচ্চ আদালত। সোমবার ওই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যার পর থেকেই প্রশ্ন ঘোরাফেরা করছিল, এই পরিস্থিতিতে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফল কবে বের হবে!

ফাইল ছবি
শেষ আপডেট: 31 July 2025 14:32
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের অন্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তির মামলায় হাইকোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি রাজ্যের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে উচ্চ আদালত। সোমবার ওই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যার পর থেকেই প্রশ্ন ঘোরাফেরা করছিল, এই পরিস্থিতিতে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফল কবে বের হবে! বৃহস্পতিবার সেই ইঙ্গিত পাওয়া গেল। অগস্টের ৭ তারিখেই জয়েন্টের রেজাল্ট প্রকাশের চূড়ান্ত দিন ঠিক হয়েছে বলে সূত্রের খবর।
সময়মতো রেজাল্ট বের না হওয়ায় উৎকণ্ঠা যেমন বেড়েছে অভিভাবকদের, পাশাপাশি হতাশ পড়ুয়ারাও। তার কারণ এমন অনেকে রয়েছেন, যাঁরা প্রত্যেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং জয়েন্টের পরীক্ষাও দিয়েছে। তাঁদের অনেকের ইচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে। কিন্তু রেজাল্ট না বের হওয়ায় হতাশ হয়ে কেউ অন্যত্র অ্যাডমিশন নিয়েছে। আবার অনেকে অ্যাডমিশন নিয়েও সেখানে ভর্তি হয়নি। এ রাজ্য থেকেই পড়াশোনা করবে বলে।
এদিন জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, ২৭ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়। সবটাই ঠিকঠাকভাবেই পরিচালিত হয়। কোথাও কোনঅ অভিযোগ ওঠেনি। বোর্ড পরিকল্পনা নিয়ে ছিল জুন মাসের ৫ তারিখ ফল প্রকাশ করবে। সেই মতোই প্রস্তুতি নিয়েছিল। কিন্তু সেক্ষেত্রে ওবিসি সংক্রান্ত বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে ।"
তাঁর কথায়, "সুপ্রিম কোর্ট ২৮ জুলাই একটি রায় দেয়। উচ্চশিক্ষা দফতর গতকাল আমাদের একটি নির্দেশ পাঠায় তার পরিপ্রেক্ষিতে আমরা গতকালই বিজ্ঞপ্তি জারি করি পরীক্ষার্থীরা যেন যত তাড়াতাড়ি সম্ভব তাদের সোশ্যাল ক্যাটাগরি আপডেট করে। আমরা একটা লিঙ্ক দিই। সেটা আপডেট করতে হবে পরীক্ষার্থীদের। আজ, কাল ও পরশু পর্যন্ত এই সুবিধা থাকবে। সব পরীক্ষার্থীর কাছে এসএমএস পাঠিয়েছি। আশা করা হচ্ছে আগামী ৭ অগস্ট ফল প্রকাশ করতে পারব।