দেশদ্রোহী ও প্রতিবাদীদের উপর 'প্রতিশোধ' নেওয়া হবে! সরাসরি হুমকি যোগী আদিত্যনাথের
দ্য ওয়াল ব্যুরো: গোটা দেশ তোলপাড় প্রতিবাদে-বিক্ষোভে। আগুন, পাথর, জলকামান, টিয়ারগ্যাস, লাঠিচার্জ, পুলিশের গুলিতে মৃত্যু-- কিছুই আর বাকি নেই। গত কয়েক দিনে যেন ঝড় বইছে গোটা দেশজুড়ে। এসবের মধ্যেও সামনে এসেছে পুলিশকে ফুল দিচ্ছেন প্রতিবাদীরা,
শেষ আপডেট: 20 December 2019 07:39
দ্য ওয়াল ব্যুরো: গোটা দেশ তোলপাড় প্রতিবাদে-বিক্ষোভে। আগুন, পাথর, জলকামান, টিয়ারগ্যাস, লাঠিচার্জ, পুলিশের গুলিতে মৃত্যু-- কিছুই আর বাকি নেই। গত কয়েক দিনে যেন ঝড় বইছে গোটা দেশজুড়ে। এসবের মধ্যেও সামনে এসেছে পুলিশকে ফুল দিচ্ছেন প্রতিবাদীরা, প্রতিবাদীদের নিয়ে জাতীয় সঙ্গীত গাইছেন পুলিশকর্তা। কিন্তু শাসকদলের প্রতিনিধিরা যে এখনও অনমনীয়, তার প্রমাণ মিলল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্তব্যে। নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভকারীদের উপরে প্রতিশোধ নেওয়ার কথা বললেন তিনি।
বৃহস্পতিবার শহরজুড়ে ব্যাপক হিংসার সাক্ষী থেকেছে লখনউ। পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ক্ষোভের আঁচে পুড়ছে গোটা রাজ্যই। কার্ফু জারি করেছে প্রশাসন। বন্ধ ইন্টারনেট। এই পরিস্থিতিতে যোগী আদিত্যনাথ মুখ খুললেন। বললেন, হিংসায় জড়িত মানুষদের বিরুদ্ধে 'বদলা' নেবেন তিনি!
বুধবার রাত থেকেই ১৪৪ ধারা জারি ছিল গোটা উত্তরপ্রদেশে। জমায়েত নিষিদ্ধ করা হয়েছিল প্রশাসনেক তরফে। কিন্তু তাকে অগ্রাহ্য করেই বিশাল মিছিল করেন সাধারণ মানুষ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে, শান্তিপূর্ণ প্রতিবাদে হামলা চালিয়েছে তারা। এর মধ্যেই কয়েকটি মোটরবাইক ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। জ্বালিয়ে দেওয়া হয় সরকারি বাস। একটি পুলিশ চৌকিতেই আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর চালানো হয় সরকারি সম্পত্তি। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ। নিহত হন এক জন। আটক করা হয় বহু বিক্ষোভকারীকে।
সূত্রের খবর, এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন যোগী আদিত্যনাথ। তার পরেই সাংবাদিক বৈঠক করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "ভিডিও এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে হিংসাত্মক ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। এর প্রতিশোধ নেওয়া হবে।"
যোগী আদিত্যনাথের আরও অভিযোগ, “গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। নাগরিকত্ব আইনের বিরোধিতা করার নামে কংগ্রেস, এসপি এবং বাম দলগুলি পুরো দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করেছে।" এর পরে রীতিমতো হুমকির সুরে যোগী বলেন, "আমরা কঠোর পদক্ষেপ করব। জনগণের সম্পত্তি যাঁরা নষ্ট করছে, তাঁদের সমস্ত সম্পত্তি সরকারি ভাবে দখল করে নিলাম করা হবে।" পাশাপাশি তিনি দাবি করেন, “নাগরিকত্ব আইন কোনও ধর্মের বিরুদ্ধে নয়। এটি অন্যান্য দেশের শরণার্থীদের এদেশের নাগরিকত্ব পেতে সহায়তা করবে।”
যোগী আদিত্যনাথ অভিযোগ করেন, নাগরিকত্ব আইন নিয়ে যাঁরা প্রতিবাদে জড়িত তাঁরা সকলেই দেশদ্রোহী। কিছু না জেনেই সমস্যা তৈরি করছেন তাঁরা। কড়া হাতে দমন করা হবে তাঁদের, নেওয়া হবে 'প্রতিশোধ'!-- এমনই দাবি তাঁর।