.jpeg)
শঙ্কর ঘোষ ও সিদ্দিকুল্লা চৌধুরী।
শেষ আপডেট: 29 November 2024 17:45
দ্য ওয়াল ব্যুরো: বাংলার জনসংখ্যা বৃদ্ধি নিয়ে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বক্তব্যের বিরোধিতা করে বড় অভিযোগ আনলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
শঙ্করের অভিযোগ, "বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী বলেছেন, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রয়োজনে আরও বেশি সন্তান জন্ম দিতে হবে। একজন মন্ত্রী হয়ে তিনি একথা কী করে বলেন?"
সিদ্দিকুল্লার ওই বক্তব্য বিধানসভার রেকর্ডে রাখা হয়েছে কিনা, তা এদিন স্পিকারের কাছে জানতেও চেয়েছিলেন বিজেপি বিধায়ক। তবে এ ব্যাপারে স্পিকার হ্যাঁ কিংবা না কিছু বলেননি বলে দাবি করে শঙ্কর বলেন, "মন্ত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট, বাংলার জনসংখ্যা বৃদ্ধির আসল কারণ কী! শুধুমাত্র ভোট ব্যাঙ্কের কথা রেখে একজন মন্ত্রী যেভাবে মুসলিম সম্প্রদায়কে আরও বেশি সন্তান জন্ম দেওয়ার জন্য উৎসাহিত করছেন, তাতে অতীতে যেভাবে ভারত ভেঙে দুটো দেশ তৈরি হয়েছিল তেমনই আগামী দিনে পশ্চিমবঙ্গ ভেঙেও দুটো রাজ্য হতে পারে।"
এর প্রতিবাদে মানুষকে সংগঠিত করার আহ্বান জানিয়ে শঙ্করের অভিযোগ, রাজ্যের গার্ডেনরিচ, ফালাকাটা সহবিভিন্ন জায়গায় হিন্দুরা আক্রান্ত হচ্ছেন। রাজ্য কোনও পদক্ষেপ করছে না। শঙ্করের অভিযোগ প্রসঙ্গে সিদ্দিকুল্লার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে শাসকদলের বক্তব্য, রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে এখন সাম্প্রদায়িকতার সুরসুড়ানি দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বিজেপি।