শুক্রবার সকাল থেকে বিধানসভার প্রতিটি গেটে নিরাপত্তার কড়াকড়ি দেখা যায়।
.jpeg.webp)
বিমান বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 13 June 2025 16:54
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকাল থেকে বিধানসভার (West Bengal Legislative Assembly) প্রতিটি গেটে নিরাপত্তার কড়াকড়ি (Tight Security) দেখা যায়। শাসক হোক বা বিরোধী সকল বিধায়কের গাড়ি গেটে দাঁড় করিয়ে গাড়ির বনেট থেকে ডিকি, ডিকির মধ্যে থাকা ব্যাগ, তন্ন তন্ন করে তল্লাশি করা হয়।
বিধানসভায় প্রবেশের মুখে এভাবে হঠাৎ নিরাপত্তার কড়াকড়ি কেন, তা নিয়ে সব মহলে কৌতূহল তৈরি হয়। শাসক থেকে বিরোধী, উভয়পক্ষের অনেক বিধায়কই বলেন, অতীতে কখনও নিরাপত্তার এমন কড়াকড়ি দেখা যায়নি। তবে দিনের শেষে স্পিকার জানিয়ে দিলেন, একদিন নয়, এখন থেকে নিয়মিত নিরাপত্তার এই কড়াকড়ি থাকবে।
স্পিকার বলেন, "নিরাপত্তার খাতিরে আমাদের যা যা চেক করা দরকার, সেটা সিকিউরিটি টিম করবে। কে কী নিয়ে আসছেন, এসব দেখা তো আমার একার পক্ষে সম্ভব নয়, যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাঁরা এখন থেকে নিয়মিত সবকিছু চেক করে তবেই ভেতরে প্রবেশের অনুমতি দেবেন।"
স্পিকার এও বলেন, মনে রাখতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। সরকার পক্ষ, বিরোধী পক্ষের বিধায়করা আসেন। আমরা চায় না বিধানসভার ভেতরে এমন কোনও ঘটনা ঘটুক যাতে বিধানসভার স্টেবিলিটিটা ডিসটার্ব হয়।
নিরাপত্তার এই কড়াকড়ি নিয়ে বিজেপি বিধায়কদের মধ্যে কেউ কেউ টিপ্পনি কেটে বলছেন, 'যাতে আমরা তুলসি গাছ নিয়ে বিধানসভার মধ্যে ঢুকে যেতে না পারি তাই হয়তো এমন ব্যবস্থা।" এ ব্যাপারে জানতে চাওয়া হলে স্পিকারের সাফ কথা, "তুলসি টুলসি আমি কিছু জানি না, হিন্দুদের বাড়িতে একটা করে তুলসি মঞ্চ থাকতে পারে তবে বিধানসভায় তুলসি মঞ্চর কোনও জায়গা নেই।"