সম্প্রতি তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির তুতো ভাই তথা ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকিরও ভাই কাসেম সিদ্দিকি
.jpeg.webp)
হুমায়ুন কবীর ও কাসেম সিদ্দিকি।
শেষ আপডেট: 13 June 2025 16:15
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির তুতো ভাই তথা ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকিরও ভাই কাসেম সিদ্দিকি (Qasim Siddiqui)।
শুক্রবার বিধানসভার বাইরে সেই কাসেমের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়েই বড় প্রশ্ন তুললেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। এদিন দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে হুমায়ুন বলেন, "ওকে নিয়ে কোনও মন্তব্য করব না। কাসেম রাজনীতিতে 'অ-আ-ক-খ'র ছাত্র। এবিসিডির ছাত্রকে নিয়ে অত কথা কেন বলতে যাব?"
কাসেমের ওপর হুমায়ুনের এত রাগের কারণ কী? একদা রাজ্য পুলিশ নওসাদ সিদ্দিকিকে গ্রেফতার করার পর এই কাসেমই ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়ে যা তা কথা বলেছিলেন নবান্নের উদ্দেশে। তিনি নওসাদ ও আব্বাসের অতিশয় ঘনিষ্ঠ বলেই ফুরফুরা জানে। সেই কাসেমকে দল গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় সম্প্রতি ঘনিষ্ঠমহলে ক্ষোভ প্রকাশ করেছিলেন হুমায়ুন।
পর্যবেক্ষকদের অনেকের মতে, এবার এ ব্যাপারে প্রকাশ্যে কাসেমের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে পরোক্ষে নেতৃত্বর সিদ্ধান্তের দিকেও আঙুল তুললেন তিনি।
ভরতপুরের তৃণমূল বিধায়কের কথায়, "রাজনীতিতে সবই হয়, সেটাই চলছে, কিছু বলার নেই আমার।" খানিক থেমে এও বলেন, "আমি তো রাজ্যের নেতা না, আমি তো বলার জায়গায় নেই, যারা সর্বোচ্চ নেতা, যাঁরা সিদ্ধান্ত নেন তাঁরাই বলতে পারবেন রাজনীতির এবিসিডির ছাত্রকে কেন ওই পদে বসানো হল।"
দল বিরোধী মন্তব্যের অভিযোগে অতীতে হুমায়ুনকে দু'বার শোকজ করেছে বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটি। এদিন তৃতীয়বারের জন্য শোকজের জবাব দিতে বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে হুমায়ুনকে সতর্কও করে দল। তবে সেখান থেকে বেরানোর পর যেভাবে কাসেমের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে পরোক্ষে নেতৃত্বর সিদ্ধান্তের দিকেই আঙুল তুললেন, তাতে হুমায়ুন আবার দলের শোকজের মুখে পড়বেন না তো, এ নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তুঙ্গে।
দলের তরফে আগেই জানানো হয়েছিল, পর পর তিনবার শোকজের অর্থ সাসপেন্ড করা হবে। আপনার ক্ষেত্রেও যদি দল সেরকম পদক্ষেপ করে? হুমায়ুনের সাফ কথা, "আমি যেখানে দাঁড়িয়ে রাজনীতি করি সেখানে সাধারণ মানুষের বিরুদ্ধে জুলুম, অবিচার হলে যেভাবে মোকাবিলা করা দরকার হুমায়ুন কবীর সেভাবেই করবে। তাতে সাসপেন্ড কেন, আমাকে ফাঁসি দিয়ে দিতে বলুন!"