.webp)
শেষ আপডেট: 27 February 2024 18:25
দ্য ওয়াল ব্যুরো: ভাঙা চোরা রাস্তা সংস্কার হয়। কিন্তু সংস্কারের কয়েক মাসের মধ্যেই আবার পুরনো চেহারায় ফিরে যায় সেই রাস্তা। জেলায় জেলায় এমন অভিজ্ঞতা রয়েছে বহু মানুষের।
নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণের গুচ্ছ গুচ্ছ অভিযোগও সামনে আসে। এবার রাস্তা সংস্কারের কয়েকমাসের মধ্যে তা পুরনো চেহারায় ফেরার আসল 'সিক্রেট'টা আবিষ্কার করলেন গ্রামবাসীরা। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুররের প্রতাপনগর পঞ্চায়েত এলাকার ঘটনা।
প্রতাপনগরের মকরমপুর থেকে জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফ পর্যন্ত পিচের রাস্তা বেহাল হয়ে পড়েছিল। সম্প্রতি পূর্ত দফতরের তরফে সেই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার পিচ তুলে তুলে ফেলা হয়েছে। সেই পিচের চাঙর কাছেই একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ফেলা হচ্ছে। তারপর মাটি কাটার যন্ত্র দিয়ে সেই চাঙর গুঁড়ো করে তার সঙ্গে আরও অন্যান্য সামগ্রী মিশিয়ে সেই মিশ্রণ এনে ফেলা হচ্ছে রাস্তায়।
বাসিন্দাদের অভিযোগ, এভাবে পুরনো জিনিসে নতুন করে রাস্তার সংস্কার করার ফলেই রাস্তা দ্রুত আগের অবস্থায় ফিরে যায়। বাড়তি মুনাফা লাভের আশায় ঠিকাদার এই বেনিয়ম করছেন বলে অভিযোগ তাঁদের।
যদিও অভিযোগ উড়িয়ে ঠিকাদারের দাবি, নতুন মশলা দিয়েই রাস্তা তৈরি করা হচ্ছে। রাস্তার মাঝে থাকা গর্ত ভরাটের ক্ষেত্রে পুরনো মশলা ব্যবহার করা হচ্ছে। পূর্ত দফতর ঠিকাদারের পাশে দাঁড়ালেও বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।