
শেষ আপডেট: 25 August 2023 09:54
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরে র্যাগিং (Jadavpur University Ragging) কীভাবে ঠেকানো যাবে তা নিয়ে ইসরো (ISRO) কর্তাদের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor)। হস্টেলে সিসিটিভি ক্যামেরা বসিয়ে ছাত্রদের মুভমেন্ট ম্যাপিং ইত্যাদি প্রভৃতির মাধ্যমে নাকি সেই ব্যবস্থা করা যাবে বলে তিনি মনে করেন।
বিধানসভায় শাসক দলের উপ মুখ্য সচেতক বলেন, রাজ্যপাল (Governor) মালদহ গিয়েছেন মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে। ওনার মিজোরামেও যাওয়া উচিত ছিল। উত্তর-পূর্বটা উনি ভাল চেনেন। ব্রিজটা কেন ভাঙল, কী কারিগরি ত্রুটি ছিল, সেটাও ইসরো, ভেল, রেলকে খুঁজে দেখতে বলতে পারেন। কারণ, বাংলার পরিবর্তে অন্য রাজ্যের শ্রমিক থাকলেও সেটা হয়তো ভাঙত।
গত ৯ অগস্ট যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনা ঘিরে সামনে এসেছে ব়্যাগিংয়ের অভিযোগ। সূত্রের খবর, এই ‘অসুখ’ চিরতরের নির্মূল করতে কী ধরনের প্রযুক্তি কার্যকর হতে পারে সে ব্যাপারে সম্প্রতি ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজ্যপাল এবং বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোস। তারপরেই এ ব্যাপারে সাহায্য করতে চেয়ে ইসরো সবুজ সংকেত দিয়েছে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা জানিয়েছেন ভিডিও বিশ্লেষণ, ইমেজ ম্যাচিং স্বয়ংক্রিয় লক্ষ্য শনাক্তকরণ এবং রিমোট সেন্সিংয়ের মতো প্রযুক্তি ব্যবহার করে এ বিষয়ে প্রযুক্তিগত সমাধান তৈরি করার চেষ্টা করছে। বিষয়টি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। তারই জেরে রাজ্যপাল সম্পর্কে তৃণমূলের উপ মুখ্য সচেতকের এমন মন্তব্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
অন্যদিকে দেশের বিজ্ঞানীদের দুরাবস্থা নিয়ে বিধানসভার অলিন্দে এদিন মন্তব্য করতে দেখা যায় তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাসকে। তিনি বলেন, ‘দেশের বৈজ্ঞানিকদের সাফল্য নিয়ে আমরা আনন্দ করছি। গর্ব করছি। কিন্তু তাদের দুরবস্থা নিয়ে আমরা ভাবি না। বেতন বন্ধ ১৭ মাস। এটা দেখা উচিৎ।‘ স্পিকার থামিয়ে দিয়ে বলেন, ‘এটা কেন্দ্র সরকারের বিষয়। এভাবে বিধানসভায় আলোচনা করা যায় না।‘
আরও পড়ুন: বাংলার বিশ্ববিদ্যালয়ে র্যাগিং রুখতে প্রযুক্তি আনছে ইসরো! দরবার করলেন রাজ্যপাল