
শেষ আপডেট: 13 July 2022 08:41
দ্য ওয়াল ব্যুরো: ফের বিদেশ গিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। গতকাল দেশ ছেড়েছেন তিনি। কিন্তু কোন দেশে গিয়েছেন সনিয়া ও প্রিয়াঙ্কা ছাড়া কেউ জানেন না। সরকারিভাবে দলকে (Congress) কিছু জানাননি। দেশ ছাড়ার পর রাহুলের অফিস থেকে বলা হয়েছে, নিতান্তই ব্যক্তিগত সফর। ফিরবেন ১৭ জুলাই। ওই দিনই শুরু হবে সংসদের বর্ষাকালীন অধিবেশন। পরদিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।
কিন্তু কংগ্রেসের অনেকেই রাহুলের এই ঘনঘন বিনা নোটিসে বিদেশ যাত্রা নিয়ে ক্ষুব্ধ। এক নেতার কথায়, শ্রীলঙ্কার মানুষ জানেন তাঁদের গদিচ্যুত প্রেসিডেন্ট (Gotabaya Rajapakshe) কোন দেশে পালিয়েছেন। প্যালেস ছেড়ে কোথায় পালিয়েছিলেন। কিন্তু প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুলের বিদেশ সফরের খবর কাকপক্ষীতেও টের পায় না। অথচ সনিয়া গান্ধীর পুত্র হওয়ায় ফের তিনিই হবেন কংগ্রেস সভাপতি।
রাহুলের এবারের বিদেশ সফর নিয়ে বাড়তি হইচইয়ের কারণ দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক। আগামীকাল ওই বৈঠক ডেকেছেন দলনেত্রী সনিয়া গান্ধী। ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে কংগ্রেস দেশব্যাপী সত্যাগ্রহ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। ওই বিষয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে সব সাধারণ সম্পাদক, রাজ্য সভাপতি এবং এআইসিসির পর্যবেক্ষকদের বৈঠকে ডাকা হয়েছে। থাকবেন ওয়ার্কিং কমিটির সদস্য এবং সাংসদেরা।
এছাড়া কালকের বৈঠকে গুজরাত ও হিমাচলপ্রদেশের বিধানসভার ভোট নিয়েও আলোচনা হওয়ার কথা। বছর শেষে ওই দুই রাজ্যে ভোট।
এমন গুরুত্বপূর্ণ বৈঠকের আগে রাহুল কেন দেশ ছাড়লেন তা নিয়ে কংগ্রেসের অন্দরে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে, বলাই বাহুল্য প্রকাশ্যে কেউ এখনও মুখ খোলেননি। কিন্তু কেউই প্রাক্তন কংগ্রেস সভাপতির এই সময় বিদেশ যাওয়াকে মন থেকে মেনে নিতে পারছেন না।
শুধু এবারই নয়, এ বছর মার্চে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগেও গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে রাহুল ছিলেন না। এমনকি এক দুটি ক্ষেত্রে অন্যদলগুলিও রাহুলের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে। এনআরসি এবং কৃষি আইন বিরোধী আইনের বিরুদ্ধে আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে, রাহুল সেই দুই পর্বেই বিদেশে বেড়াতে চলে যান। এবারও দলকে অন্ধকারে রেখে দেশ ছেড়েছেন সনিয়া পুত্র।
আরও পড়ুন: প্রেসিডেন্ট পালিয়েছেন, প্রধানমন্ত্রীর বাড়ি ঘিরল জনতা, শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি