বাংলাদেশি সন্দেহে নিরপরাধ মানুষদের পুশব্যাকের ঘটনায় ফের চাঞ্চল্য। শনিবার কলেজ স্কোয়ারে ত্রিপুরা হিতসাধিনী সভার আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —আমির খান, সোয়েফ আলী ও আমির শেখ—তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনজনের চোখেমুখে আতঙ্ক, কণ্ঠে ক্ষোভ ও যন্ত্রণা।

Sonali Bibi's brother
শেষ আপডেট: 27 October 2025 14:36
দ্য ওয়াল ব্যুরোঃ বাংলাদেশি সন্দেহে নিরপরাধ মানুষদের পুশব্যাকের ঘটনায় ফের চাঞ্চল্য। শনিবার কলেজ স্কোয়ারে ত্রিপুরা হিতসাধিনী সভার আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —আমির খান, সোয়েফ আলী ও আমির শেখ—তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনজনের চোখেমুখে আতঙ্ক, কণ্ঠে ক্ষোভ ও যন্ত্রণা।
আমির খান হলেন সুইটি বিবির মামাতো ভাই। সুইটি বিবিকে বাংলাদেশি সন্দেহে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, সোনালী বিবির মামাতো ভাই সোয়েফ আলী জানান—সোনালী বিবিকেও একই অভিযোগে পুশব্যাক করা হয়েছে। তিনি বলেন, “ছোটবেলা থেকে চিনি ওদের পরিবারকে। ওরা ভারতেই জন্মেছে, বাংলাদেশি নয়।”
তৃতীয় যুবক আমির শেখের অভিজ্ঞতা আরও ভয়াবহ। রাজস্থানে শ্রমিকের কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে তাকে ধরে বেঁধে বেধড়ক মারধর করা হয়। পরে সীমান্তে নো ম্যানস ল্যান্ডে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। চোখে জল নিয়ে তিনি বলেন, “আমি ভারতীয়, তবু কেন এই যন্ত্রণা? এখন রাজস্থান যাওয়ার সাহস পাই না।”
এই তিন যুবকের পরিবার এখন ভয় ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। বিশেষ করে সোনালী বিবির বাড়িতে কান্নার রোল। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা, সঙ্গে আছে দুটি ছোট সন্তান। তাদের মুখে একটাই প্রশ্ন—“মায়ের সঙ্গে কবে দেখা হবে?”
আইনজীবী সুপ্রতীক শ্যামল, যিনি সোনালী ও সুইটির পক্ষে মামলা লড়ছেন, জানান—বাংলাদেশের আদালত ইতিমধ্যেই প্রমাণ করেছে দু’জনেই ভারতীয়। তবুও কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, “এটি নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘন। আমরা আইনের উপর ভরসা রাখছি।”