
পঞ্চায়েত দফতরে বিক্ষোভ ১০০ দিনের সাপ্লাইয়ারদের।
শেষ আপডেট: 19 November 2024 17:39
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েনে গত ৩ বছর ধরে বাংলায় বন্ধ ১০০ দিনের কাজ। ইতিমধ্যে জব কার্ড হোল্ডারদের বকেয়া টাকা মিটিয়ে দিয়েছে রাজ্য। কিন্তু যাঁরা বালি, সিমেন্ট, পাথর সাপ্লাই করেছিলেন, সেই ভেন্ডাররা এখনও পাননি বকেয়া টাকা।
এরই প্রতিবাদে মঙ্গলবার পঞ্চায়েত দফতরে বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ রাজ্য এমজিএনআরইজিএস ভেন্ডার অ্যাসোসিয়েশনের সদস্যরা। অবিলম্বে বকেয়া টাকা না মেটানো হলে আগামীদিনে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
সংগঠনের জলপাইগুড়ি জেলার সম্পাদক সুদীপসিংহ রায়, জেলা নেতা, শরোদীপ দাস ওরফে পঙ্কু দাস বলেন, "আমাদের বকো অর্থের পরিমাণ কত জানেন ? ৫ হাজার ৭০০ কোটি টাকা। কেন্দ্র ও রাজ্যের এই টানাপোড়েন আমরা সহ্য করতে পারছি না। দ্রুত বকেয়া টাকা না পেলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে।"
এদিন পঞ্চায়েত দফতরের সচিবের সঙ্গে দেখা করেন বালি,পাথর সিমেন্ট সাপ্লাইয়াররা। সূত্রের খবর, তিনি আরও কিছুটা সময় চেযেছেন। এ ব্যাপারে কেন্দ্রীয় পঞ্চায়েত সচিবের সঙ্গে এদিনই কথাও বলেছেন বলেও আন্দোলনকারীদের জানিয়েছেন তিনি।
সংগঠনের তরফে জানানো হয়েছে, রাজ্যে ৫০ হাজার ভেন্ডার রয়েছেন। টেন্ডারের মাধ্যমেই এরা ব্লক, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ থেকে কাজের বরাত পেয়েছিলেন। আন্দোলনকারীদের কথায়, এভাবে বছরের পর বছর কোটি কোটি টাকা বকেয়া রাখা বরদাস্ত করা হবে না।