
শেষ আপডেট: 28 April 2022 06:42
দ্য ওয়াল ব্যুরো: হোয়াটসঅ্যাপে (Whatsapp Payment) টাকা লেনদেনের সুবিধা রয়েছে, কিন্তু সেই পরিষেবা তেমন একটা জনপ্রিয় নয়। অধিকাংশ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীই এই অ্যাপের মাধ্যমে টাকা আদান প্রদানে অভ্যস্ত নন। আর এদেশে এই ফিচারকে আরও জনপ্রিয় করে তুলতে তাই নতুন অফার আনল হোয়াটসঅ্যাপ। এমন অফার যা কেবলমাত্র ভারতেই প্রযোজ্য।
হোয়াটসঅ্যাপে টাকা আদান প্রদান (Whatsapp Payment) করলে ক্যাশ ব্যাক (Cashback) পাওয়া যাবে এদেশে। সম্প্রতি এই অফারের কথাই ঘোষণা করেছে মেটা। বলা হয়েছে হোয়াটসঅ্যাপ ইউপিআইয়ের মাধ্যমে আলাদা আলাদা করে তিন জনকে টাকা পাঠালে তিন বার ১১ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়া যাবে। এই অফার কেবলমাত্র ভারতের ব্যবহারকারীদের জন্যেই প্রযোজ্য।
আরও পড়ুন: শব্দ জব্দে রাজধর্ম যোগীর, কী ভাবছে মমতার প্রশাসন
মেটার তরফে বলা হয়েছে, আগামী দিনে ভারতের ৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপ পেমেন্ট পরিষেবার আওতায় আনতে চাই। সেই কারণে এটা নিয়ে প্রচারও চলছে। ভারতের বাজারে পেমেন্ট পরিষেবা জনপ্রিয় করে তুলতেই এই নতুন ক্যাশ ব্যাকের অফারটি দেওয়া হয়েছে।
ক্যাশ ব্যাক পাওয়ার জন্য কোনও কন্ট্যাক্টকে টাকা পাঠানোর সময় অ্যাপেই একটি গিফট আইকন দেখা যাবে। তার মাধ্যমেই পছন্দের কন্ট্যাক্ট নম্বরটি সিলেক্ট করে টাকা পাঠিয়ে দেওয়া যাবে। প্রতি লেনদেনে মিলবে ১১ টাকা ক্যাশ ব্যাক।
তবে মনে রাখতে হবে হোয়াটসঅ্যাপের এই ক্যাশ ব্যাক কিউআর কোড পেমেন্ট, গ্রাহকের ইউপিআই দিয়ে করা পেমেন্ট বা কালেক্ট রিকোয়েস্ট করা পেমেন্টে পাওয়া যাবে না।