
সিভি আনন্দ বোস
শেষ আপডেট: 21 April 2025 20:04
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ ইস্যুতে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদে। সেখানের এলাকা পরিদর্শনে গেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। শনিবার জেলা সফর থেকে ফিরেছিলেন তিনি। আর সোমবারই তাঁর অসুস্থতার খবর সামনে আসে। প্রাথমিকভাবে জানা যায়, তাঁর হার্টে ব্লকেজ ধরা পড়েছে। তবে সে কথা বলল না রাজভবন (Rajbhavan)। বিবৃতি দিয়ে কী জানাল তাঁরা?
রাজভবন স্পষ্ট করেছে, রাজ্যপালের হার্টে কোনও সমস্যা হয়নি, হয়েছে কাঁধে। তাঁদের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 'রাজ্যপালের কাঁধে হালকা ব্যথা অনুভূত হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি কম্যান্ড হাসপাতালে যান। বর্তমানে তিনি সুস্থ আছেন।' রাজভবন এও জানিয়েছে, চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং একদিনের জন্য তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার শালবনিতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস ছিল। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেখানে যাওয়ার আগেই হাসপাতালে রাজ্যপালকে দেখে আসেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন, ''রাজ্যপালের শরীর খারাপ। দেখে গেলাম। চিকিৎসা চলছে।'' স্বাভাবিকভাবেই রাজ্যপালের অসুস্থতার খবর উদ্বেগ ছড়িয়েছিল বাংলার রাজনৈতিক মহলে। তবে রাজভবনের তরফে বিবৃতি আসায় কিছুটা হলেও স্বস্তি।
ওয়াকফ ইস্যুতে উত্তপ্ত মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছিলেন রাজ্যপাল। সুতি থেকে শুরু করে ধুলিয়ান, সামশেরগঞ্জের মানুষের সঙ্গে দেখা করেন তিনি, কথাও বলেন। এলাকার মানুষ তাঁকে সব অভাব-অভিযোগ জানিয়েছিলেন। গ্রামে স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবিও জানান তাঁরা। রাজ্যপাল বোস মুর্শিদাবাদের মানুষকে আশ্বস্ত করে রাজভবনের পিসরুমের নম্বর দিয়ে এসেছেন।