
শেষ আপডেট: 4 February 2019 13:54
এর পরেই অবশ্য তিনি সম্প্রতি ঘটে যাওয়া সব চেয়ে উত্তেজিত পর্বের দিকে ইঙ্গিত করেন। পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইয়ের হানা প্রসঙ্গে বলেন, "যারা জীবন পাত করে কাজ করছেন, তাদের কোনও দোষ না থাকা সত্ত্বেও তাদের দোষী প্রমাণ করতে চায়, কোনও তথ্য়প্রমাণ ছাড়া হেনস্থা করে গ্রেফতার করতে চায়, আমাদের ছোটো বলে মনে করে করে-- সেখানে আমার রাগ আছে। যেখানে প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক ভাবে ব্যবহার করে, ব্যক্তিগত ভাবে আক্রমণ চালানো হয়, সেখানে আমার রাগ আছে।"
মমতা জানান, আগে কোনও পুলিশ অফিসার মারা গেলে তাঁদের দিকে কেউ তাকাত না। এই সরকার সঙ্গে সঙ্গে তাঁদের পরিবারকে সাহায্য করে। প্রসঙ্গত উল্লেখ্য, নিহত পুলিশ অফিসার অমিতাভ মালিকের স্ত্রী বিউটি মালিককে এ দিনের মঞ্চে দেখা যায় তাঁর স্বামীর হয়ে পুরস্কার নিতে।
তাঁর আমলে পুলিশ-প্রশাসন যে অনেক বেশি সক্রিয়, তার উদাহরণ দিতে গিয়ে মমতা বলেন, "আমরা সুদীপ্ত সেনকে বাটালিক থেকে গ্রেফতার করেছিলাম। আগের সরকার তো কই করেনি! অথচ সেই পুলিশেরই শীর্ষে থাকা রাজীব কুমারকে চোর বলা হচ্ছে। তিনি কার টাকা নিয়েছেন? যাঁরা সৎ পথে কাজ করতে চান, তাঁদের পাশে আমি দাঁড়াবই। তাঁর জন্য আমি জীবনও দিয়ে দেব।"
আরও উত্তেজিত হয়ে গিয়ে মমতা বলেন, "আমি সারা জীবন যুদ্ধ ক্ষেত্রে লড়াই করেছি। আমার সঙ্গে যা খুশি করবে করে নিক। এখানে ওরা ৩৫৬ করতে চাইলে করুক। ওটা অত সোজা কথা নয়। আমাদের হাতেও ১৪৪ আছে।"