ঠিক কী বলেছিলেন মীনাক্ষী? কী থেকে বিতর্কের সূত্রপাত?

উদয়ন গুহ ও মীনাক্ষী মুখোপাধ্যায়।
শেষ আপডেট: 23 May 2025 19:18
দ্য ওয়াল ব্যুরো: মাথাভাঙার সভা থেকে কোচবিহারের প্রবীণ তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে (Udayan Guha) চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন ডিওয়াইএফআইযের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee)। বলেছিলেন, "উদয়ন গুহদের আমরা পকেটে রাখি!"
এবার জবাবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা উদয়ন। বক্তব্য পাল্টা বক্তব্যকে ঘিরে কোচবিহারের রাজনৈতিক মহলে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।
এদিন উদয়ন বলেন, "বলছে, আমাকে পকেটে রাখতে পারে! মানে ৩৪ বছরে টাকা খেয়ে খেয়ে ওরা পকেটটা কত বড় করেছে ভাবুন! যে ৫ ফুট ১০ ইঞ্চির ৯০ কেজি ওজনের একটা লোককে ওরা পকেটে রাখতে পারে বলছে!" এও বলেন, "দিনহাটা আমার বা আমার বাবার সম্পত্তি নয় ঠিকই, তবে দিনহাটার অনেক কাজ আমি ও আমার বাবা করেছি।"
এরপরই সিপিএমের তরুণ নেত্রীর উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে উদয়ন বলেন, "ক্ষমতা থাকলে আপনি বা আপনার দলের কোনও নেতা দিনহাটায় এসে এই ধরনের কথা বলে দেখান, কথা দিচ্ছি পুলিশ থাকবে না!" এ ব্যাপারে মীনাক্ষীর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।
ঠিক কী বলেছিলেন মীনাক্ষী? কী থেকে বিতর্কের সূত্রপাত?
সম্প্রতি দলের মাথাভাঙার একটি সভা থকে সিপিএমের তরুণ নেত্রী কোচবিহারে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে সরব হন। সরাসরি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নামোল্লেখ করে বলেন, "উদয়ন গুহদের আমরা পকেটে রাখি। পুলিশ যদি এদের মাথায় ছাতা না ধরে তাহলে দিনহাটা এদের বাপের সম্পত্তি নয়।" সভায় উপস্থিত মানুষের ভিড় দেখিয়ে মীনাক্ষী এও বলেন, "চুরির টাকায় তোমাদের আর পেট ভরাতে দেব না। লাল ঝাণ্ডা আমাদের এই লড়াইয়ের মেজাজ দিচ্ছে।"