অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্যের পর সেনাকে সম্মান জানাতে আগামী ২৯ মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করার কথা প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী মোদী।
শেষ আপডেট: 21 May 2025 18:46
দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে উত্তরবঙ্গ (North Bengal) সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর সফর শেষের এক সপ্তাহের ব্যবধানে এবার উত্তরবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্যের পর সেনাকে সম্মান জানাতে আগামী ২৯ মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করার কথা প্রধানমন্ত্রীর।
বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। সেদিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রীর সফরের পরে পরেই প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্টতাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই সফর থেকে বাংলা নিয়ে প্রধানমন্ত্রী কী বার্তা দেন তা নিয়েও কৌতূহল রয়েছে সব মহলে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি প্রকাশ্যে আসতেই একগুচ্ছ প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল। এদিন এক সাংবাদিক বৈঠক থেকে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর উদ্দেশে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
কুণাল বলেন, "পিএম আসবেন এটা বড় কথা না কিন্তু খালি হাতে আসবেন কেন? মনে রাখবেন, আপনার গ্যারান্টি শুধুই ফাঁকা। আপনি খালি হাতে আসছেন, তাই বাংলার মানুষও খালি হাতে পাঠিয়ে দেবে।"
পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, সেনার সাফল্যকে সম্মান জানাতে সারা দেশ জুড়ে সভার আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রীর। আসলে প্রধানমন্ত্রীকে ভয় পায় তৃণমূল। তাই তাঁর আগমনের খবর শুনেই ওরা অপপ্রচার করতে শুরু করেছে।"
এর আগে ২০১৬ সালে ভোট প্রচারে শেষবার আলিপুরদুয়ারে এসেছিলেন প্রধানমন্ত্রী। এবারের এই সফর থেকে তিনি কী বলেন, তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে। বস্তুত, এদিন উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকেও মোদী সরকারের বঞ্চনার প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী। আলিপুর দুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী তার জবাব দেন কিনা, তা নিয়েও কৌতূহল রয়েছে সব মহলে।