
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 25 November 2024 20:16
দ্য ওয়াল ব্যুরো: কে কোন বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দেবেন, সোমবার তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে তার একটি নামের তালিকা ঠিক করে দেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে রাজধানী দিল্লির স্পোক পার্সনদের তালিকায়।
এদিন সংবাদিক বৈঠক থেকে রাজ্যের মন্ত্রী তথা দলের মহিলা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, দলের কোন নেতা কোন বিষয়ে কথা বলবেন। এ প্রসঙ্গেই দিল্লিতে দলের স্পোক পার্সন হিসেবে তিনি অভিষেকের নাম বলেন। এরপর ডেরেক ওব্রায়েন, কাকলী ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেবদের নামও বলেন।
এই সময় সাংবাদিকরা জানতে চান, আপনি অভিষেকের নামও বললেন। জবাবে চন্দ্রিমা বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে না আপনাকে কে বলল?"
এদিন শাসকদলের তরফে একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কে কোন বিষয়ে বলবেন। যেমন এখন থেকে অর্থ সংক্রান্ত বিষয়ে বলবেন অমিত মিত্র এবং চন্দ্রিমা ভট্টাচার্য। শিল্প নিয়ে বলবেন শশী পাঁজা, পার্থ ভৌমিক। উত্তরবঙ্গের বিষয়ে বলবেন গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশচিক বারিক, ঝাড়গ্রামের ক্ষেত্রে বীরবাহা হাঁসদা, চা বাগানের ক্ষেত্রে বলবেন মলয় ঘটক।
অর্থাৎ যিনি যে বিষয়ে দক্ষ বা পারদর্শী তাঁকে সেই বিষয়ে দলের হয়ে প্রতিক্রিয়া জানারো স্বাধীনতা দেওয়া হল। সেদিক থেকে অভিষেক এবার জাতীয় রাজনীতি নিয়ে বেশি বলবেন, সেটাই প্রত্যাশিত। যার ফলে রাজনৈতিক দিক থেকে অভিষেকের উচ্চতা আর বাড়ল বলেই মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে।
একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নন্দীগ্রামে জখম হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পায়ের হাড় ভেঙে গিয়েছিল। সে সময় বেশ কিছুদিন হাসপাতাল ও বাড়িতে থাকতে হয়েছিল দলনেত্রীকে। ওই সময় উত্তর থেকে দক্ষিণ, অভিষেক একাই চষে বেরিয়েছিলেন। পরে পঞ্চায়েত এবং লোকসভা ভোটেও সেই ধারা বজায় রেখেছেন অভিষেক
আবাস এবং ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে গত বছর রাজ্যের আন্দোলনকে রাজধানী দিল্লির বুকে পৌঁছে দিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদই। সেই সূত্রে অভিষেকের এই স্বীকৃতি প্রাপ্য ছিল বলেই মত সংশ্লিষ্ট মহলের।
প্রসঙ্গত, অভিষেক ডায়মন্ড হারবারের সাংসদ। অর্থাৎ তাঁর লড়াইয়ের ক্ষেত্র হল সংসদ। অতীতেও বিভিন্ন বিষয়ে তাঁকে বারেবারে সংসদে সরব হতেও দেখা গিয়েছে। এবার থেকে তিনি যে এ ব্যাপারে আরও সক্রিয় হবেন, তা ইতিমধ্যে স্পষ্টও করেছেন অভিষেক নিজেই।
এদিনের সাংবাদিক বৈঠকে তার ইঙ্গিতও দিয়েছেন চন্দ্রিমা। তিনি জানান, সংসদে সার, আবাস যোজনার টাকা বন্ধ, জিএসটির টাকা বন্ধ এসব নিয়ে সাংসদরা প্রশ্ন তুলবেন। উত্তর পূর্ব ভারতে যে অচলাবস্থা চলছে তা নিয়েও সংসদে আলোচনা চাইবেন সাংসদরা।