পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলার আবহাওয়ায় বদলের ইঙ্গিত। রবিবার থেকে দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

আবহাওয়া
শেষ আপডেট: 5 March 2026 11:59
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ফের সক্রিয় হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। তার জেরেই আগামী কয়েক দিনে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রার ওঠানামার পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গে আপাতত শুক্রবার ও শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এই সময় আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে আবহাওয়ার চরিত্র বদলাতে পারে। পূর্বাভাস অনুযায়ী, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে এবং মঙ্গলবার ও বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি চলতে পারে।
তাপমাত্রার ক্ষেত্রেও সামান্য পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আগামী দু’দিন রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও শীতের আমেজ প্রায় বিদায় নিয়েছে। ফলে দিনের বেলায় গরমের অনুভূতি আগের তুলনায় বেশি লাগছে।
উত্তরবঙ্গেও আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে আজ বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও রবিবার থেকে ফের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পূর্ব অসমে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এরই মধ্যে জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, যার ফলে আবহাওয়ায় পরিবর্তন দেখা দিচ্ছে।
এদিকে কলকাতার আবহাওয়ার পরিসংখ্যান বলছে, আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৬ শতাংশ থেকে ৮২ শতাংশের মধ্যে ওঠানামা করছে। ফলে দিনের বেলায় গরমের অনুভূতিও কিছুটা বেশি লাগছে।