পশ্চিমবঙ্গের এই প্রকল্প শুধু চিকিৎসা নয়, প্রতিরোধ ও জনসচেতনতার ক্ষেত্রেও একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 3 November 2025 19:31
দ্য ওয়াল ব্যুরো: টাইপ–১ ডায়াবেটিস মোকাবিলায় পশ্চিমবঙ্গের উদ্যোগ পৌঁছে গেল আন্তর্জাতিক মঞ্চে (West Bengal’s Type 1 Diabetes Model)। প্রশংসিত হল বিশ্বের দরবারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রবিবার এক পোস্টে জানান, রাজ্যের স্বাস্থ্য প্রকল্প (West Bengal Health Model) এখন বিশ্বজোড়া স্বীকৃতি পেয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গড়ে ওঠা টাইপ–১ ডায়াবেটিস প্রতিরোধের মডেলটি আজ বহু দেশের কাছে অনুসরণীয় হয়ে উঠেছে।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এই মডেল অন্যান্য জেলায়ও সম্প্রসারিত করা হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় এক্স (X)-এ লেখেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে টাইপ–১ ডায়াবেটিস মোকাবিলায় ‘বাংলা মডেল’ এখন এক বিশ্বমানের উদাহরণ। সম্প্রতি হার্ভার্ড মেডিক্যাল স্কুলের সহযোগী অধ্যাপক জিন বুকম্যান, যিনি নন-কমিউনিকেবল ডিজিজ বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞ, তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে আমাদের প্রকল্প পরিদর্শন করে প্রশংসা করেছেন।”
মুখ্যমন্ত্রী আরও জানান, এটি দেশের মধ্যে প্রথম রাজ্য-নেতৃত্বাধীন উদ্যোগ যা টাইপ–১ ডায়াবেটিস আক্রান্তদের চিকিৎসা ও সহায়তার জন্য গড়ে তোলা হয়েছে। তিনি স্বাস্থ্য দফতরের সমস্ত কর্মী, চিকিৎসক ও প্রকল্পের সঙ্গে যুক্ত প্রত্যেককে অভিনন্দন জানান।
টাইপ–১ ডায়াবেটিস মূলত এক ধরনের অটো–ইমিউন রোগ, যেখানে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা ভুলবশত প্যানক্রিয়াসের (Pancreas) ইনসুলিন তৈরি করার কোষগুলিকে নষ্ট করে দেয়। ফলে শরীরে ইনসুলিন তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং দীর্ঘমেয়াদে তা হৃদ্রোগ, কিডনি বিকলতা, দৃষ্টিশক্তি হারানোসহ নানা জটিলতার কারণ হতে পারে।
আক্রান্ত ব্যক্তিকে আজীবন ইনসুলিন নিতে হয় এবং খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় বিশেষ নিয়ম মেনে চলতে হয়।
স্বাস্থ্য মহলে এই সাফল্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গের এই প্রকল্প শুধু চিকিৎসা নয়, প্রতিরোধ ও জনসচেতনতার ক্ষেত্রেও একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
রাজনৈতিক মহলে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে বাংলার স্বাস্থ্য খাতে সরকারের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। একদিকে যখন কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে স্বাস্থ্যবিমা প্রকল্পে একীভূত করতে চাপ দিচ্ছে, তখন পশ্চিমবঙ্গ নিজের পথে হেঁটে একটি আলাদা মডেল তৈরি করে আন্তর্জাতিক প্রশংসা কুড়িয়েছে - সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।