দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার পরিবেশ এখনও তৈরি হয়নি। ফলে আগামী কয়েক দিন তীব্র গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে রাজ্যবাসীকে।

আবহাওয়া
শেষ আপডেট: 8 June 2025 11:57
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার পরিবেশ এখনও তৈরি হয়নি। ফলে আগামী কয়েক দিন তীব্র গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে রাজ্যবাসীকে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, অন্তত ১২ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার কোনও সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা ৩–৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস।
কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শুষ্ক ও গরম হাওয়া বইবে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি আরও বাড়বে। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তারপর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
কলকাতার রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। আজ শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৮.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৪ শতাংশের মধ্যে। আজ দিনভর থাকবে আংশিক মেঘলা আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। মালদা ও দুই দিনাজপুরে তাপমাত্রা বাড়বে এবং আবহাওয়া থাকবে অস্বস্তিকর। উইকেন্ড নাগাদ বৃষ্টি বাড়তে পারে, ফলে সাময়িক স্বস্তি মিলতে পারে।
বর্তমানে মৌসুমী অক্ষরেখা পশ্চিমে মুম্বই, আদিলাবাদ, ভবানীপাটনা, পুরী ও স্যান্ডহেড আইল্যান্ড হয়ে পূর্বে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গের পরিবেশ বর্ষার জন্য অনুকূল না হওয়ায় মৌসুমী বায়ু উত্তরবঙ্গে থমকে রয়েছে।
অন্যদিকে, উত্তর-পশ্চিম রাজস্থান ও উত্তরপ্রদেশ সংলগ্ন অঞ্চলে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও আসামের উপরে। জম্মু-কাশ্মীর ও লাদাখে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাব পড়ছে পার্বত্য অঞ্চলে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি চলছে। মঙ্গলবার বা বুধবার থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পরিমাণ ফের বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।