বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে নতুন নিম্নচাপের সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর।

আবহাওয়া
শেষ আপডেট: 22 August 2025 20:19
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের উপর নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল পর্যন্ত বিস্তৃত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এটি সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। শুক্রবারে উপরের দিকের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এই সময় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত উপরের দিকের দু-একটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তর বঙ্গোপসাগর আগামী কিছু দিন উত্তাল থাকবে এবং ৫৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। তাই আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের আগামীকাল শনিবার পর্যন্ত সমুদ্র যেতে নিষেধ করেছে। বাংলা এবং উড়িষ্যা উপকূলের মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে।