বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

আবহাওয়া
শেষ আপডেট: 23 August 2025 17:44
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন এসেছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেড়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সমুদ্র উত্তাল থাকার কারণে আজ, শনিবার এবং আগামীকাল, রবিবার ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গে আজ মূলত মেঘলা আকাশ থাকবে। সব জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে।
আজ, শনিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। আগামীকাল, রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়।
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। আগামীকাল, রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা গেছে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।