
কলকাতায় বৃষ্টি।
শেষ আপডেট: 17 July 2024 16:27
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা-সহ পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই মোতাবেক আজ, বুধবার দুপুর গড়াতেই ঝমঝম করে বৃষ্টি নামে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
দক্ষিণ ওড়িশার নিম্নচাপটি ক্রমশ সরে মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে আরও দূরে সরে গেছে। মৌসুমী অক্ষরেখা আজ দুপুরে গোপালপুরের ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবেই এই 'পাসিং শাওয়ার' দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত এদিন বিকেলে জানান, আগামী ২৪ ঘণ্টায় ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন হওয়ার পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। শুধু পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন।
১৯ জুলাই, শুক্রবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি। বাকি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন।
শুক্রবার নিম্নচাপ তৈরি হবে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে। রবিবার ও সোমবার নিম্নচাপের প্রভাব বাড়বে। দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় ওড়িশায় বেশি বৃষ্টির সম্ভাবনা।
শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
একুশে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইনের পূর্বাভাস। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুর দুয়ারে ভারী বৃষ্টি হবে।
উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ১৭ থেকে ১৯ জুলাই ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন উত্তরবঙ্গে। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা সোমবার পর্যন্ত। রবিবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস।