
শেষ আপডেট: 7 December 2023 11:26
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগণা: পরপর শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য দফতরের নজরেই ছিল হাবরার এক নার্সিংহোম। এবার এই ঘটনার জেরে নার্সিংহোমটি বন্ধ করার নির্দেশ দেওয়া হল। স্বাস্থ্য দফতরের তরফে একটি নোটিসও পাঠানো হয়। সেই নোটিস পাওয়ার পরেই নার্সিংহোমটি বন্ধ করে দিল কর্তৃপক্ষ।
জানা গেছে, গত নভেম্বর মাসে হাবরার ওই বেসরকারি নার্সিংহোমে প্রায় একই সময় তিন শিশুর জন্ম হয়। জন্মের পর থেকেই তারা অসুস্থ হয়ে পড়ে। সেই কারণে তাদের কলকাতার একটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাদের মৃত্যু হয়েছিল বলে খবর। তিন শিশুর পর ওই নার্সিংহোমে ফের এক শিশুর জন্ম হয়। তার শরীরেও একই উপসর্গ দেখা দেয়। তাকে কলকাতার বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু তাকেও বাঁচানো যায়নি।
পরপর ৪ শিশু মৃত্যুর পর মৃতের পরিবার হাবরা থানায় নার্সিংহোমের নামে লিখিত অভিযোগ জানায়। বিষয়টি নজরে ছিল স্বাস্থ্য দফতরেরও। গত শুক্রবার স্বাস্থ্য দফতরের আধিকারিকরা হাবরার ওই নার্সিংহোমে যান। ওই শিশুদের জন্ম সংক্রান্ত সমস্ত তথ্যের নথি খতিয়ে দেখেন। এমনকী নার্সিংহোমের মালিক ও সেখানকার স্বাস্থ্য কর্মীদের সঙ্গেও কথা বলেন।
সূত্রের খবর, এই নার্সিংহোমের বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ উঠেছিল। সেই সমস্ত অভিযোগগুলির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চাওয়া হয় নার্সিংহোম কর্তৃপক্ষের থেকে। স্বাস্থ্য আধিকারিকদের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি তারা। তারপরই নার্সিংহোম বন্ধের নোটিস জারি করেন বারাসতের এসডিও।
সেই নোটিস পাওয়ার পরেই বন্ধ হয়ে যায় নার্সিংহোমের ঝাঁপ। নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অনেক স্বাস্থ্য কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো আপাতত নার্সিংহোম বন্ধ রাখা হচ্ছে।