
ফাইল চিত্র
শেষ আপডেট: 6 April 2025 10:58
দ্য ওয়াল ব্যুরো: আজ রামনবমী। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে শোভাযাত্রা। রামনবমী যাতে শান্তিপূর্ণভাবে হয়, সেজন্য তৎপর প্রসাশন। রাজ্যজুড়েই আজ কড়া নজরদারি রাখা হয়েছে। সতর্ক পুলিশ। এদিন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস শনিবার সকাল ১১টা নাগাদ রাজভবন থেকে বেরিয়ে রওনা হবেন কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাম মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে।
রাজভবন সূত্রে খবর, এটি একটি আনুষ্ঠানিক সফর এবং মন্দির কর্তৃপক্ষের আমন্ত্রণেই সেখানে যাচ্ছেন তিনি। তাঁর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।
কলকাতাসহ রাজ্যের নানা জায়গায় ইতিমধ্যেই রুটমার্চ করেছে পুলিশ। স্পষ্ট বার্তা—অস্ত্র নিয়ে মিছিল বরদাস্ত করা হবে না। শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া, “এভাবে ভয় দেখিয়ে লাভ নেই, যা পারেন করুন।” তাঁর এই মন্তব্যের জবাবে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, “ওর গুন্ডামি বন্ধ করতেই তো পুলিশকে নামতে হচ্ছে।”
রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিশ্ব হিন্দু পরিষদও। তাদের তরফে জানানো হয়েছে, বজরং দলের সদস্যরা প্রত্যেকটি মিছিলে উপস্থিত থাকবেন। কোনও জায়গায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা রুখতে ‘সুরক্ষা বাহিনী’ তৈরি রেখেছে সংগঠনটি। প্রতিটি মিছিলে অন্তত ৫০ জন সদস্য মোতায়েন করা হবে। হিন্দুত্ববাদী সংগঠনের এই ‘সুরক্ষা বাহিনী’র ঘোষণাকে কটাক্ষ করেছে তৃণমূল।