
ফাইল ছবি।
শেষ আপডেট: 16 December 2024 13:05
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনি নির্মাণের অভিযোগ নতুন কিছু নয়। সে শহর হোক বা শহরতলি একাধিক জায়গায় গড়ে উঠছে বহুতল আবাসন। সেই নির্মাণ নিয়ে ভুরিভুরি অভিযোগ রয়েছেই। এবার পুরসভা এলাকায় যে কোনও নির্মাণের প্ল্যান অনুমোদনের নিয়মে বড়সড় বদল আনল রাজ্য সরকার।
যদিও বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিভ্যান্স সেলে জমা পড়েছিল অভিযোগ। যা নিয়ে ক্ষোভপ্রকাশও করেন তিনি। পাশাপাশি শহরে বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্নের মুখেও পড়তে হয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। এবার আইন সংশোধন করে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য।
রাজ্যের জারি করা নয়া নিয়মে আগের মতো ক্ষমতা থাকছে না পুরসভার কাউন্সিলরদের। সেই জায়গায় দায়িত্ব সামলাবেন পুরসভার অফিসাররা। রাজ্যের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, পুরসভা এলাকাগুলিতে কোনওরকম নির্মাণ হলে অনুমতি নিতে হবে বিশেষ কমিটির। বোর্ড অফ কাউন্সিলার্সের আর কোনও ভূমিকা থাকবে না।
এই কমিটি মূলত পুরসভার কর্তা এবং আধিকারিকদের নিয়েই তৈরি হয়েছে। পুরসভার চেয়ারম্যানই হবেন কমিটির চেয়ারম্যান। সঙ্গে ভাইস চেয়ারম্যান এবং ফিনান্স অফিসার ও ইঞ্জিনিয়াররা থাকবেন। থাকবেন ‘বোর্ড অফ কাউন্সিলার্স’ মনোনীত কোনও একজন কাউন্সিলর। জানা যাচ্ছে রাজ্যের পুরসভা এলাকাগুলিতে এমন সিদ্ধান্ত কার্যকর হবে।
আচমকা কেন বদল করা হল নিয়ম? কলকাতা পুরসভা সূত্রে খবর, শহর থেকে গ্রামে বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে স্বচ্ছতার উপর বাড়তি গুরুত্ব দিতেই এমন পদক্ষেপ রাজ্য সরকারের। মূলত কাউন্সিলরদের বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে এমন সিদ্ধান্ত।