খিদিরপুর, মহেশতলা এবং মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনাগুলির প্রসঙ্গ টেনে শমীক বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মীয় মেরুকরণ বাড়ানো হয়েছে। তাঁর দাবি, সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাসেও পরিবর্তন এসেছে এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগও ফের তোলেন তিনি।

শমীক ভট্টাচার্য
শেষ আপডেট: 24 March 2026 20:10
দ্য ওয়াল ব্যুরো: ২৬-এর বিধানসভা ভোটকে (West Bengal Assembly Election 2026) সামনে রেখে রাজনৈতিক সুর আরও চড়াল বিজেপি (West Bengal BJP)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) দাবি করলেন, আসন্ন নির্বাচনে তাঁদের প্রধান লক্ষ্য - পশ্চিমবঙ্গকে 'পশ্চিমবাংলাদেশ' হতে না দেওয়া।
সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল সরকারকে সরাসরি নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ধর্মের ভিত্তিতে রাজনীতি করে রাজ্য এবং দেশের ভবিষ্যৎ বিপন্ন করা হচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে এই পরিস্থিতির পরিবর্তন ঘটানো হবে বলেও জানান তিনি।
খিদিরপুর, মহেশতলা এবং মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনাগুলির প্রসঙ্গ টেনে শমীক বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মীয় মেরুকরণ বাড়ানো হয়েছে। তাঁর দাবি, সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাসেও পরিবর্তন এসেছে এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগও ফের তোলেন তিনি।
বিতর্ক উস্কে দিয়ে তিনি বলেন, “বাংলাদেশ থেকে কেউ এলে নিজের জমি নিয়েই আসুক। না হলে যাঁরা পাঠাচ্ছেন, তাঁদেরই যশোর-খুলনা ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়া উচিত।”
হুমায়ুন কবীরকে ঘিরেও আক্রমণ শানান বিজেপি রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, কিছু এলাকায় 'মিনি পাকিস্তান'-এর মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে প্রকাশ্যে ধর্মীয় প্রচার চলছে। এই বিষয়ে রাজ্য সরকারের নিষ্ক্রিয়তাকেও তুলে ধরেন তিনি।
তবে একই সঙ্গে শমীক ভট্টাচার্য দাবি করেন, বিজেপি কোনও ধর্মের বিরোধী নয়। তিনি বলেন, “ভারতীয় মুসলমানদের সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। আমরা এপিজে আব্দুল কালাম ও কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তিত্বদের সম্মান করি।”
বাবরি মসজিদ প্রসঙ্গ টেনেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, অতীতের 'গোলামির প্রতীক' আর ফিরতে দেওয়া হবে না এবং কেউ চেষ্টা করলে রাজ্যের সব সম্প্রদায় একসঙ্গে তার বিরোধিতা করবে।
এদিকে, শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর হাত ধরে এদিনই বিজেপিতে যোগ দেন মেখলিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। এছাড়াও এদিন গেরুয়া শিবিরকে আসন্ন ভোটে সমর্থন করার বার্তা দিয়েছেন গ্রেটার কোচবিহার আন্দোলনের রাজবংশী নেতা বংশীবদন বর্মন।