কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলাদের উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান বাংলায় অশান্তি শুরু হোক। একই সঙ্গে, তাঁর মন্তব্য ভোট-পরবর্তী হিংসারও ইঙ্গিত দিচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। এই নিয়েই কমিশনে জানানো হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন নন্দীগ্রাম এবং ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 31 March 2026 14:20
দ্য ওয়াল ব্যুরো: বাংলার বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কিছু মন্তব্য নিয়ে তীব্র আপত্তি তুলেছে বিজেপি। তাঁদের অভিযোগ, মমতার মন্তব্য ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে এই বিষয়ে অভিযোগ জানিয়েছে বিজেপির প্রতিনিধি দল। মঙ্গলবার রাজ্যের সিইও দফতরে এসে সেই প্রসঙ্গেই নালিশ করে গেলেন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya), শুভেন্দু অধিকারীরা (Suvendu Adhikari)।
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলাদের উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান বাংলায় অশান্তি শুরু হোক। একই সঙ্গে, তাঁর মন্তব্য ভোট-পরবর্তী হিংসারও ইঙ্গিত দিচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। এই নিয়েই কমিশনে জানানো হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন নন্দীগ্রাম এবং ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, ''বিজেপির কর্মী-সমর্থকদের সরাসরি খুনের হুমকি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেয়ারটেকার হলেও এখনও তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর হাতে পুলিশ দফতর রয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।'' কমিশনকে কার্যত নিশানা করে শুভেন্দুর সংযোজন, ''আগে দেখা গেছে, বিজেপি নেতাদের বক্তব্য বিকৃত করে তৃণমূল অভিযোগ করলেই কমিশন ব্যবস্থা নিত। প্রার্থীদের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হত। কিন্তু মমতার ক্ষেত্রে কিছুই করা হচ্ছে না।''
রাজ্যে পুলিশের একাধিক কর্তাদের বিরুদ্ধেও এদিন বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। সরাসরি নাম নিয়ে তিনি বলেন, ''এসটিএফ-এর জাভেদ শামীম, আইবি-র বিনীত গোয়েল আমার, শমীক ভট্টাচার্য এবং একাধিক মণ্ডল সভাপতিদের ফোন আর লোকেশন ট্র্যাক করছে।'' তাঁর দাবি, অবিলম্বে যেন এঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।
ঘটনার সূত্রপাত উত্তরবঙ্গের ময়নাগুড়িতে তৃণমূল নেত্রীর এক নির্বাচনী সভা থেকে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না...'। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপি। তাঁদের দাবি, এই ধরনের বক্তব্য সরাসরি রাজনৈতিক হিংসার ইঙ্গিত বহন করে।
বিষয়টি নিয়ে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, ''ভোটে হারার ভয় পেয়ে এখন বেপরোয়া হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটারদেরই ভয় দেখাচ্ছেন তিনি।'' নেতার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য একেবার উস্কানিমূলক এবং হিংসাত্মক। এই কথা সরাসরি ইঙ্গিত দেয় যে, ভোটের পর তৃণমূল জিতলে বিজেপি কর্মী-সমর্থকদের আক্রমণ করা হবে। এই ধরনের বক্তব্য নির্বাচন প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা নষ্ট করতে পারে বলেও দাবি বিজেপির।