ফাইল ছবি
শেষ আপডেট: 17 December 2024 21:50
দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছরের মতো চলতি বছরেও রাজ্যের স্কুলগুলিতে অর্থ বরাদ্দ করেছে শিক্ষা দফতর। কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিয়ে এই তহবিলের অর্থ দেওয়ার কথা থাকলেও শুধুমাত্র রাজ্যের তরফে নির্দিষ্ট অংশের অর্থ বরাদ্দ করা হয়েছে। বারবার অনুরোধ জানালেও কেন্দ্রের তরফে কোনও অর্থ এসে পৌঁছয় নি বলে অভিযোগ। এই অবস্থায় স্কুলগুলিকে বরাদ্দ করা হয়েছে কম্পোজিট গ্রান্ট। এবার তহবিলের টাকা বুঝেশুনে খরচের বিষয়ে সতর্ক করল শিক্ষা দফতর।
মূলত কোন খাতে কত পরিমাণ টাকা বরাদ্দ করতে হবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। প্রতিবছরের শেষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকস্তরে স্কুলগুলিকে কম্পোজিট গ্রান্টের টাকা দেওয়া হয়। চলতি বছরে তার অন্যথা না হলেও কেন্দ্রের অনুদান এসে না পৌঁছনয় খরচে লাগাম টানার কথা জানিয়ে দেওয়া হয়েছে।
সাধারণত স্কুলে দৈনন্দিন খরচ চালানোর জন্য কম্পোজিট গ্রান্টের টাকা দিয়ে থাকে কেন্দ্র ও রাজ্য। এ বছর রাজ্য সরকারের তরফে আট হাজার স্কুলকে মোট ২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে খরচ করা নিয়ে ২৩ দফার একটি গাইডলাইনও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, স্কুলের ১৮টি খাতে এই তহবিলের টাকা খরচ করা যাবে।
সেখানে পানীয় জল সরবরাহ, স্কুল ও শৌচালয় পরিষ্কার রাখা, গবেষণাগারে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা-সহ মোট ১৮টি খাতে এই অর্থ বরাদ্দ করা হবে বলে খবর। পাশাপাশি কোন কোন ক্ষেত্রে একেবারেই টাকা খরচ করা যাবে না সেই বিষয়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মোবাইলের বিল, যানবাহনের খরচ বাবদ কোনওভাবেই এই টাকা খরচ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
স্কুলগুলিকে কম্পোজিট গ্রান্টের টাকা হিসাবে কেন্দ্র দেয় ৬০ শতাংশ এবং রাজ্য দেয় বাকি ৪০ শতাংশ। জানা গেছে, ছাত্রের সংখ্যার উপর ভিত্তি করেই স্কুলগুলিকে অর্থ বরাদ্দ করা হয়ে থাকে। যে সমস্ত স্কুলে পড়ুয়ার সংখ্যা ২৫০ এর বেশি সেই স্কুলকে দেওয়া হয় ৭৫ হাজার টাকা। ১০০ থেকে ২৫০-এর মধ্যে ছাত্র সংখ্যা থাকলে ৫০ হাজার টাকা দেওয়া হয় এবং ৫০ থেকে ১০০ মধ্যে ছাত্র থাকলে দেওয়া হয় ২৫ হাজার টাকা।