আবেদনকারীদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় এখনও প্রায় ৪০ শতাংশ কম ডিএ পাচ্ছেন রাজ্যের কর্মীরা। এই বৈষম্য দূর করতেই আদালতের দ্বারস্থ হওয়া।

ফাইল ছবি
শেষ আপডেট: 20 March 2026 21:45
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও পঞ্চম বেতন কমিশনের (5th pay commission DA case) বকেয়া ডিএ এখনও কার্যকর হয়নি। সেই আবহেই এবার ষষ্ঠ বেতন কমিশনকে (6th Pay Commission DA) কেন্দ্র করে নতুন করে আইনি লড়াই শুরু হল কলকাতা হাইকোর্টে।
বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করেছে ‘ইউনিটি ফোরাম’ নামে একটি সংগঠন। মামলায় দাবি তোলা হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের প্রথম কিস্তির ডিএ অল ইন্ডিয়া প্রাইস ইনডেক্স (AICPI) অনুযায়ী নির্ধারণ করতে হবে।
আবেদনকারীদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় এখনও প্রায় ৪০ শতাংশ কম ডিএ পাচ্ছেন রাজ্যের কর্মীরা। এই বৈষম্য দূর করতেই আদালতের দ্বারস্থ হওয়া।
এর আগে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত মামলার রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল, ভবিষ্যতে ডিএ নির্ধারণ করতে হবে অল ইন্ডিয়া প্রাইস ইনডেক্স মেনেই। কিন্তু সেই নির্দেশ বাস্তবায়িত হয়নি বলেই অভিযোগ।
এই পরিস্থিতিতে নতুন করে ষষ্ঠ বেতন কমিশনের ক্ষেত্রেও একই নীতি কার্যকর করার দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ৬ এপ্রিল এই মামলার প্রথম শুনানি হতে পারে।
প্রসঙ্গত, আজই ডিএ (DA) নিয়ে দীর্ঘদিনের টানাপড়েনের মাঝেই রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিল তৃণমূল কংগ্রেস (TMC Manifesto 2026)। বিধানসভা নির্বাচনের (West Bengal Assemble Election 2026) ইস্তাহারে শুধু বকেয়া ডিএ মেটানোর প্রতিশ্রুতিই নয়, সেই সপ্তম পে কমিশন চালুর ঘোষণা এবং সামগ্রিক বেতন কাঠামো পুনর্বিন্যাসের ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন আগে রাজ্যে প্রচারে এসে সপ্তম বেতন কমিশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অমিত শাহ। তার পরই এই ঘোষণা তৃণমূলের।
তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে জানানো হয়েছে, রোপা ২০০৯ অনুযায়ী বকেয়া ডিএ ধাপে ধাপে মেটানো হবে। এ কথা এমনিতেও ভোট ঘোষণার আগেই টুইট করে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে নবান্ন বিজ্ঞপ্তিও জারি করেছে।
তবে ইস্তাহারে কোথাও কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা বলা হয়নি। বরং সরকার যে নিজেদের আর্থিক সীমাবদ্ধতার মধ্যে থেকেই এই সমস্যা মেটাতে চাইছে, সেটাই স্পষ্ট করা হয়েছে। তৃণমূলের দাবি, কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের বিপুল পরিমাণ বকেয়া আটকে রয়েছে, যার ফলে আর্থিক চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এককালীন বড় অঙ্কের ডিএ দেওয়া সম্ভব হয়নি।
শুধু ডিএ নয়, ইস্তাহারে আরও বড় ঘোষণা হল সপ্তম পে কমিশন চালুর প্রতিশ্রুতি। বলা হয়েছে, রাজ্যে নতুন পে কমিশন গঠন করে সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনভোগী এবং অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামোয় সামঞ্জস্য আনা হবে। অর্থাৎ, ডিএ-র বাইরে গিয়েও সম্পূর্ণ বেতন কাঠামো পুনর্বিন্যাসের দিকে নজর দিচ্ছে সরকার।