পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আরও ১৩ আসনে প্রার্থী দিল বিজেপি। জল্পনা সত্যি করেই চৌরঙ্গী থেকে প্রার্থী হলেন সন্তোষ পাঠক। একথা আগেই লিখেছিল দ্য ওয়াল।

ফাইল ছবি
শেষ আপডেট: 31 March 2026 11:54
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) আরও ১৩ আসনে প্রার্থী দিল বিজেপি। জল্পনা সত্যি করেই চৌরঙ্গী থেকে প্রার্থী হলেন সন্তোষ পাঠক (Santosh Pathak)। একথা আগেই লিখেছিল দ্য ওয়াল।
এনিয়ে এটি বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা (BJP Fourth Candidate List)। এখনও ছ'টি আসনে প্রার্থী চূড়ান্ত হওয়া বাকি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় যথাক্রমে ১৪৪, ১১২ এবিং ১৯ আসনে প্রার্থীদের দাম ঘোষণা করেছিল পদ্ম শিবির।
মঙ্গলবার প্রকাশিত হওয়া প্রার্থী তালিকায় উল্লেখযোগ্য নাম চৌরঙ্গীর প্রার্থী সন্তোষ পাঠক এবং বাগদার প্রার্থী সোমা ঠাকুর, যিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) স্ত্রী। এই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী তথা বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুর (Madhuparna Thakur)।


তৃণমূলের প্রবল ঝড়েও যে নেতা নিজের ‘গড়’ অক্ষত রাখতে পেরেছিলেন, সেই দাপুটে কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক (Santosh Pathak joined BJP) গত সোমবার যোগ দেন বিজেপি-তে। সন্তোষ পাঠক দীর্ঘদিন ধরেই মধ্য কলকাতায় কংগ্রেসের একনিষ্ঠ মুখ হিসেবে পরিচিত। তাঁর বিজেপি-তে যোগদানের সম্ভাবনা তৈরি হতেই গুঞ্জন ছড়িয়েছিল যে, এবার ‘চৌরঙ্গী’ বিধানসভা আসনে তাঁকে প্রার্থী করতে পারে পদ্ম শিবির। আর চতুর্থ তালিকা প্রকাশের পর সেই জল্পনাতেই সিলমোহর পড়ল।
বিজেপিতে যোগদানের পর সন্তোষ বলেছিলেন, “গত নির্বাচনে আমার জেতা আসন ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশ আর তৃণমূল যা খুশি করেছে। আমি নিজে চোখে পুলিশকে ছাপ্পা মারতে দেখেছি। আমি বুঝে গিয়েছি, কংগ্রেসের পক্ষে তৃণমূলকে সরানো সম্ভব নয়। একমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বেই এই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করা সম্ভব।”
এছাড়াও, সিতাই কেন্দ্রে আশুতোষ বর্মা, নাটাবাড়িতে গিরিজা শঙ্কর রায়, মগরাহাট পূর্বতে উত্তর কুমার বণিক, ফলতায় দেবাংশু পণ্ডা, সোনারপুর উত্তরে দেবাশিষ ধর, হাওড়া দক্ষিণে শ্যামল হাতি, পাঁচলায় রঞ্জন কুমার পাল, চণ্ডীপুরে পীযুষ কান্তি দাস, গড়বেতায় প্রদীপ লোধা, মেমারিতে মানব গুহ, বারাবণীতে অরিজিৎ রায় এবং ময়নাগুড়িতে ডালিম রায়।
আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দু'দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) অনুষ্ঠিত হবে। তৃণমূল কংগ্রেস এক দফাতেই ২৯১ আসনে প্রার্থী দিয়েছে। ৩টি আসন ছেড়েছে দার্জিলিংয়ে অনীত থাপার জিটিএ দলকে। সিপিএম, কংগ্রেস, আইএসএফ এবং হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টিও অধিকাংশ আসনেই প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচনের ফল ঘোষণা ৪ মে।