প্রাক্তনী, আশ্রমিক থেকে শুরু করে ঠাকুর পরিবারের সদস্যরা প্রশ্ন তুলেছেন—বিশ্বভারতীর ওয়েবসাইটে প্রতিষ্ঠাতার ছবি না থাকার অর্থ কী?

ফাইল ছবি।
শেষ আপডেট: 25 August 2025 11:37
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বভারতী (Visva Bharati) মানেই রবীন্দ্রনাথ (Rabindranath Tagore)। প্রতিষ্ঠাতা কবিগুরুর নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অঙ্গ। অথচ নয়া ওয়েবসাইটে (Website) জ্বলজ্বল করছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (President-Prime Minister), রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও উপাচার্য প্রবীরকুমার ঘোষের ছবি। নেই শুধু রবীন্দ্রনাথ ঠাকুর! এই ‘অবহেলা’ ঘিরে রীতিমতো বিতর্কে জড়াল শান্তিনিকেতনের আবেগের আশ্রম।

প্রাক্তনী, আশ্রমিক থেকে শুরু করে ঠাকুর পরিবারের সদস্যরা প্রশ্ন তুলেছেন—বিশ্বভারতীর ওয়েবসাইটে প্রতিষ্ঠাতার ছবি না থাকার অর্থ কী? সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইছে। কবিগুরুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর বলেন, “বিশ্বভারতীর অস্তিত্বই রবীন্দ্রনাথের কারণে। তাঁর ছবি বাদ যাওয়া মানে তাঁর অবদানকে আড়াল করা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল সবাই গুরুত্বপূর্ণ। কিন্তু রবীন্দ্রনাথ ছাড়া বিশ্বভারতী অকল্পনীয়।”
প্রাক্তন ছাত্র নুরুল হকের কথায়, “আমরা যখন ছাত্র ছিলাম, সর্বত্র রবীন্দ্রনাথের উপস্থিতি অনুভব করতাম। আজ ওয়েবসাইটে তাঁর ছবি নেই—এটা অত্যন্ত বেদনাদায়ক।”
অতীতে হেরিটেজের ফলক থেকে কবিগুরুর নাম বাদ দেওয়া নিয়ে ক্ষোভ দেখা দিয়েছিল বিদ্যুৎ চক্রবর্তীর আমলে। এবার উপাচার্য প্রবীরকুমার ঘোষ ওয়েবসাইটে আমূল পরিবর্তন আনতেই নতুন করে উঠল একই প্রশ্ন—কেন ঠাঁই পাবেন না বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা?
সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ তুলছেন, গেরুয়া শিবিরের প্রচ্ছন্ন মদতেই রবীন্দ্রনাথকে আড়ালে রাখা হচ্ছে।
চাপে পড়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে আনা হবে।
অভিমান, আক্ষেপ আর তীব্র ক্ষোভের সুরে একটাই প্রশ্ন এখন শান্তিনিকেতন থেকে নেটদুনিয়া জুড়ে—বিশ্বভারতীর ওয়েবসাইটে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নেই কেন?