হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কিছু জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে।

ফাইল ছবি
শেষ আপডেট: 2 June 2025 17:33
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির দেখা আপাতত মিলবে না। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে শুষ্ক আবহাওয়া (Weather Update)। তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন টানা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)।
এই মুহূর্তে উত্তর-পূর্ব অসম এবং পূর্ব বিহারে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব উত্তর প্রদেশ থেকে উত্তর পূর্ব অসম পর্যন্ত অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা বিহার, সিকিম, উত্তরবঙ্গ এবং অসমের উপর বিস্তৃত। এর টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার জেরে উত্তরবঙ্গে বৃষ্টির ধারা বজায় থাকবে। কিন্তু আবহাওয়ার বদল ঘটবে দক্ষিণে।
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কিছু জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হওয়ার দাপট থাকবে আগামী তিন-চার দিন। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে।
আগে জানা গেছিল সময়ের আগেই বাংলায় বর্ষা প্রবেশ করবে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে জুন মাসের প্রথম সপ্তাহেও দক্ষিণবঙ্গে বর্ষার অনুকুল পরিবেশের সম্ভাবনা কম। উপরন্তু আগামী তিন চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। যার নিট ফল, আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে।
দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত দিন ১০ জুন। তবে এবার কেরল বা উত্তরবঙ্গে সময়ের আগে বর্ষা ঢুকেছে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনই ঢোকেনি। এই সপ্তাহে পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই। কখনো মেঘলা আকাশ। তবে বেলা বাড়লে গরম এবং অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ দু'এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি - এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।