.jpeg)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 29 April 2025 12:33
দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিকেলের পরই শহরজুড়ে ঝেঁপে নামে বৃষ্টি। ভিজেছে একাধিক জেলা। এবার গোটা সপ্তাহজুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া দফতর। কবে কোন জেলায় বৃষ্টি হবে? গরম থেকে কি তবে রেহাই মিলবে? কেমন থাকবে আবহাওয়া (Weather Update of Bengal)? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং উত্তর-পূর্ব আসামে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় এবং কোমোরিন এলাকায় আরও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২ মে (শুক্রবার) নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ঢুকবে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। বুধবার ও শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিমের জেলা ও পূর্বের জেলা সহ কলকাতা, সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা তো থাকবেই।
শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস (weather Office)। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, দুই বর্ধমানে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে। এই ক'দিন রাতের তাপমাত্রা কম থাকবে। তবে দিনের বেলায় কোথাও কোথাও চড়া রোদ থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে।
সোমবার বৃষ্টি হওয়ায় কলকাতার তাপমাত্রা অনেকটাই কম। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির ঘরে রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯৬ শতাংশ।
মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি-এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। শুক্রবার দার্জিলিং থেকে মালদহ, সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্য রাজ্যে আবহাওয়া কেমন?
ওড়িশা, ত্রিপুরা, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। অন্যদিকে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশে তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা রয়েছে।