সপ্তাহের শেষদিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিন-রাতের পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে, আর শীতল উত্তর-পশ্চিম হাওয়া না থাকায় বাতাস শুষ্কই থাকবে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 February 2026 09:51
দ্য ওয়াল ব্যুরো: ফেব্রুয়ারির মাঝামাঝি পেরোতেই বাংলায় শীতের (Winter in Bengal) অস্তিত্ব যেন হাতছাড়া হয়ে যাচ্ছে। ভোরে হালকা শিরশিরে ভাব থাকলেও দিনে গরমের অস্বস্তি বাড়ছে। বসন্তের শুরুতেই ফ্যান ছাড়া থাকা কঠিন হয়ে উঠছে বহু মানুষের জন্য। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনেই শীত একেবারে উধাও হয়ে যাবে, আর তাপমাত্রার (Weather Update in Bengal) পারদ থাকবে ঊর্ধ্বমুখী।
চলতি সপ্তাহে আবহাওয়া কেমন হবে?
আবহাওয়া অফিসের পূর্বাভাসে (Weather Forecast) শীতপ্রেমীদের মন ভাঙবে। সপ্তাহের শেষদিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিন-রাতের পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে, আর শীতল উত্তর-পশ্চিম হাওয়া না থাকায় বাতাস শুষ্কই থাকবে। বৃহস্পতিবার থেকেই দিনে শীতের অনুভূতি কার্যত উধাও হয়ে যাবে, রোদের তীব্রতাও বাড়বে।
কলকাতার তাপমাত্রা
ফেব্রুয়ারিতেই কলকাতার (Kolkata Weather Today) সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে পূর্বাভাস। ভোর-রাতে দেখা পাওয়া সামান্য ঠান্ডার ছোঁয়াও কমতে শুরু করবে। সপ্তাহের শেষদিকে কলকাতা ও আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মঙ্গলবারই শহরের সর্বনিম্ন পারদ নেমেছিল ১৭ ডিগ্রিতে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই দিনের বেলায় শীতের অনুভূতি কমে যাবে। বৃহস্পতিবারের পর বাড়তে থাকবে সর্বোচ্চ ও সর্বনিম্ন পারদ। উপকূলীয় জেলাগুলির রাতের তাপমাত্রা থাকবে ১৭-১৯ ডিগ্রি সেলসিয়াস, পশ্চিম জেলা অঞ্চলে থাকবে ১৫–১৮ ডিগ্রির মধ্যে।
উত্তরবঙ্গের তাপমাত্রা
দার্জিলিং ও পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৬-৭ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং-এ থাকতে পারে ১১–১৪ ডিগ্রির মধ্যে। শিলিগুড়ি, মালদহ ও আশপাশে রাতের পারদ নামবে ১৭-১৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। উত্তরবঙ্গের (North Bengal Weather) বহু জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কুয়াশা বেশি ঘন হতে পারে।
নিম্নচাপের পরিস্থিতি
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরের ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে রূপ নিয়েছে। এখন সেটি রয়েছে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে। শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং বুধবার অবস্থান করবে পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। তবে এই নিম্নচাপের প্রভাব বাংলায় পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহে রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির (Rain Forecast in Bengal) সম্ভাবনা নেই।