
শেষ আপডেট: 5 March 2024 14:07
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাংলার জেলায় জেলায় শুষ্ক আবহাওয়া। বেলা বাড়লেই রোদের তেজ জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। তার মধ্যেই আলিপুর হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, গরম বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। দোলের আগেই তাপমাত্রার পারদ চড়বে। অস্বস্তিকর আবহাওয়া নাকাল করবে শহরবাসীকে।
অসম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে। তবে সপ্তাহ শেষ থেকে ফের গরম বাড়বে। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
দক্ষিণবঙ্গে আগামী তিন থেকে চারদিন তাপমাত্রা কিছুটা নামতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। আগামী তিন দিনে দুই ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্রবার থেকে ফের সামান্য বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষ থেকে ভালরকম গরম পড়ে যাবে।
বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। তাছাড়া পাহাড়ে এখন তেমনভাবে বৃষ্টি হবে না। সমতলের মতোই শুষ্ক আবহাওয়া থাকবে।
খামখেয়ালি আবহাওয়ার প্রভাব ভালরকমই বোঝা যাচ্ছে কলকাতায়। সকালে মেঘলা আকাশ, বেলা বাড়লেই চড়া রোদ। সকালে মনোরম আবহাওয়া থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই ঘাম ঝরানো গরমে নাকাল হতে হচ্ছে। কলকাতাতেও শুক্রবারের পর থেকে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।