
শেষ আপডেট: 4 April 2024 07:55
দ্য ওয়াল ব্যুরো: জ্বালিয়ে পুড়িয়ে দেবে গরম। তীব্র তাপপ্রবাহ (Heatwave) নাজেহাল করবে দেশবাসীকে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। দেশের অন্তত ৯ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। আলিপুর হাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, আজ বৃহস্পতিবার থেকে ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কোথাও ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা নেই। গরম ও অস্বস্তিকর আবহাওয়া ভোগাবে। কিন্তু তার মধ্যেই রাজ্যের পাঁচ জেলায় দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
কলকাতায় এখনই সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ‘ফিল লাইক’ ৪০ ডিগ্রির বেশি। বুধবার রাতেও হাসফাঁস গরম ছিল। গত কয়েকদিন ধরেই রাজ্যের একাধিক জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আজ থেকে তাপপ্রবাহ চলবে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে। শুক্রবার থেকে রোদের তেজ আরও বাড়বে। তাপপ্রবাহ চলবে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুরা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বীরভূমে। বেলা বাড়লেই লু বইবে। দুপুর ১১টা থেকে বিকেল ৪টে অবধি রাস্তায় কাউকে থাকতে নিষেধ করা হয়েছে।
অন্যদিকে বৃষ্টি অক্ষরেখা তৈরি হয়েছে উত্তরবঙ্গে। পাহাড়ের পাঁচ জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। এই পাঁচ জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। সেই সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ থেকে কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে
আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের মত পরিস্থিতি তৈরি হতে পারে।
শুক্রবার এবং শনিবার পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় তাপপ্রবাহের মত পরিস্থিতি তৈরি হবে। সব জেলায় অস্বস্তিকর গরম থাকবে।
ইতিমধ্যে বাঁকুড়া, পানাগড়-সহ বিভিন্ন জায়গায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিম বাংলাদেশের উপর একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে তার জন্যই এই বৃষ্টিপাত। একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশে। বাংলাদেশ থেকে অরুণাচল পর্যন্ত তৈরি হয়েছে একটি অক্ষরেখা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এর জেরেই কিছু রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি, ও কিছু রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে।