
শেষ আপডেট: 17 March 2024 10:36
দ্য ওয়াল ব্যুরো: দুর্যোগ ঘনাতে পারে যে কোনও মুহূর্তে। আকাশ কালো করে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে বাংলার আকাশে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আজ রবিবার দক্ষিণবঙ্গের আট জেলায় কালবৈশাখীর সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আজ বিকেল-সন্ধের পর থেকে ঘন ঘন বাজ পড়তে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। খোলা জায়গায় থাকতে নিষেধ করা হয়েছে।
রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। গতকাল সন্ধে থেকে বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। হাওয়া অফিস জানিয়েছে, দুটি বৃষ্টি অক্ষরেখা তৈরি হয়েছে ওড়িশা থেকে সিকিম পর্যন্ত। আরও একটি অক্ষরেখা পশ্চিমে মারাঠাওয়াড় থেকে কর্নাটক অবধি চলে গেছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামিকাল সোমবার ও বুধবার। এর জেরেই ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে বাংলায়।
আজ দক্ষিণবঙ্গের আট জেলায় কালবৈশাখীর সম্ভাবনা আছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলিতে। দক্ষিণবঙ্গের বাকি জেলার মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।
শনিবারের বৃষ্টি জ্বালাপোড়া গরমে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। সোমবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
বুধবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায়।
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়াই থাকবে পাহাড়ে। তাপমাত্রা বাড়তে পারে। তবে পশ্চিমী ঝঞ্ঝা বুধবার ঢুকে গেলে এর প্রভাবেই উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে-- দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।